অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকারীরা ঐতিহাসিক দলিলপত্র নষ্ট করেছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিভিন্ন সময়ে অসাংবিধানিক পন্থায় যারা ক্ষমতা দখল করেছে, তারা নিজেদের স্বার্থে সরকারের অনেক ঐতিহাসিক দলিলপত্র নষ্ট করে ফেলেছে। আজ বুধবার জাতীয় জাদুঘরে বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি আয়োজিত ‘বাংলাদেশে আর্কাইভস ও রেকর্ডস ব্যবস্থাপনা এবং ভবিষ্যত্ পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের গুরুত্বপূর্ণ নথিপত্রের হদিস পাওয়া যাচ্ছে না। ভবিষ্যত্ প্রজন্মকে ইতিহাস জানানোর জন্য এই নথির গুরুত্ব অপরিসীম। দেশের প্রথম সংবিধান যে প্রেসমেশিনে ছাপা হয়েছিল, তা অযত্ন-অবহেলায় বিজি প্রেসে পড়ে আছে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মেশিনটি সংরক্ষণ করার জন্য তিনি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে পরামর্শ দেন। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘সংবিধান প্রণয়নের ঐতিহাসিক নথিপত্রের হদিস নেই এবং সংবিধান যে মেশিনে ছাপা হয়েছিল সেটি এখন বিজি প্রেসে অবহেলায় পড়ে আছে’ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। ঐতিহাসিক নথিপত্রের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাহের হত্যা মামলার দলিলপত্র উচ্চ আদালত চেয়েছেন। কিন্তু তা এখন আর পাওয়া যাচ্ছে না। অসাংবিধানিক পন্থায় যারা ক্ষমতা দখল করেছিল, তারাই পরিকল্পিতভাবে এ মামলার নথিপত্র নষ্ট করে ফেলেছে। সরকারি নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের জন্য আর্কাইভস আইন সংশোধন করা হচ্ছে বলেও মন্ত্রী জানান। এ ছাড়া যেসব ঐতিহাসিক নথি বর্তমানে অযত্নে পড়ে আছে, সেগুলো উদ্ধার করে দ্রুত সংরক্ষণের জন্য তিনি জাদুঘর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে কয়েকজন আইনজীবী যে প্রশ্ন তুলেছেন, তা ভিত্তিহীন দাবি করে শফিক আহমেদ বলেছেন, পঞ্চম সংশোধনীর রায় দিয়ে আদালত শুধু তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এটি সংসদে পাস করানোর কোনো প্রয়োজন নেই। এর আগেও আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের নজির এ দেশে রয়েছে। সেমিনারের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ভার্চুয়াল আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ইলেকট্রনিক মাধ্যমে অল্প জায়গায় অধিক তথ্য সংরক্ষণ করা যায়। সেমিনারের সভাপতি শরিফউদ্দিন আহমেদ মূল প্রবন্ধে আর্কাইভস স্টাডিজ সম্পর্কিত একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সরকারি পর্যায়ে রেকর্ড রুমের জন্য বাজেট বরাদ্দের আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান বক্তব্য দেন।