অসাংবিধানিক শাসক যেন ক্ষমতায় আসতে না পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যেন আর কখনো অসাংবিধানিক শাসক ক্ষমতায় না আসতে পারে, সে জন্য মনোযোগী হতে জেলা প্রশাসকদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অন্যদিকে জেলা প্রশাসকেরা (ডিসি) ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা ও পরিধি বৃদ্ধি করে নির্বাহী হাকিমদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা ও নিরাপত্তা ভাতা (ঝুঁকিভাতা) দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন।গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শুরুর দিনে এসব বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সরকারের শেষ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কার্যকর ভূমিকা রাখা, বাকি মেয়াদে সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড শেষ করাসহ বেশ কিছু বিষয়ে ডিসিদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের জনগণ সামরিক সরকার তথা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দমন-পীড়নের শিকার হয়েছে। কাজেই ভবিষ্যতে যাতে এ ধরনের সরকার ক্ষমতা দখল করতে না পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আর যেন এ দেশে কখনো অসাংবিধানিক শাসক ক্ষমতায় না আসতে পারে, সে জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হবে।বাসস ও ইউএনবির খবরে বলা হয়, শেখ হাসিনা আবারও বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামের নামে কেউ যাতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে ডিসিদের নির্দেশ দেন শেখ হাসিনা। মন্দ কাজে যাতে মাদ্রাসার শিশুদের কেউ ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি। একই সঙ্গে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে এবং তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় ডিসিদের জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে বলা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এবং যশোর, কুমিল্লা ও ভোলার ডিসি।সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা চান ডিসিরা: উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন ডিসিরা। সংশ্লিষ্ট সূত্রমতে, মুক্ত আলোচনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়-সংক্রান্ত অধিবেশনে খুলনা বিভাগের একজন জেলা প্রশাসক নির্বাহী হাকিমদের জন্য সংক্ষিপ্ত বিচারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। আরও কয়েকজন ডিসি ভ্রাম্যমাণ আদালতের পরিধি বৃদ্ধির প্রস্তাব করেন। তাঁদের বক্তব্য হলো, বিদ্যমান আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী হাকিমদের সামনে ঘটনা ঘটলেও দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না। এ জন্য তাঁরা চান সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জনপ্রশাসনবিষয়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক কার্য অধিবেশনেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারের দাবি ওঠে। এ বিষয়ে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কোনো পদ-পদবি নিয়ে বৈষম্য আছে, এ নিয়ে অসন্তোষও আছে—এসব সমস্যা আলোচনায় এসেছে। জেলাভিত্তিক বিভিন্ন সমস্যাও তুলে ধরেন ডিসিরা। বিভিন্ন জায়গায় তাঁদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, সে জন্য ঝুঁকিভাতার কথাও বলেছেন তাঁরা।সূত্রমতে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে ভূমি অধিগ্রহণের বিদ্যমান মূল্য বাড়ানোর প্রস্তাব করেছেন। কারণ, বিদ্যমান মূল্যে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে নানা সমস্যা হচ্ছে এবং ভূমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার লক্ষ্যে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণেরও প্রস্তাব এসেছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তাবলয় বাড়াতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম আরও ত্বরান্বিত করা ও ন্যাশনাল সার্ভিসের আওতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধেও কিছু প্রস্তাব এসেছে। কেউ কেউ জঙ্গিদের অর্থায়নের সঙ্গে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে হস্তক্ষেপ: বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য-অধিবেশনে ডিসিরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনে নানা ধরনের হস্তক্ষেপের চিত্র তুলে ধরে তা বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনা, বেসরকারি শিক্ষকদের জন্য গোপনীয় প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা চালু করাসহ শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু প্রস্তাব করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত প্রস্তাবে বলা হয়, কোনো কোনো জায়গায় কাগজপত্রে শতভাগ ভর্তি দেখানো হলেও বাস্তবে তা ঠিক নয়। এ জন্য দালিলিক প্রমাণ আরও যুগোপযোগী করতে হবে।এ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন তথ্য উল্লেখ করে বলেন, ডিসিরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন।ডিসি-পুলিশদের জনপ্রতিনিধি সম্পৃক্ত করে কাজ করতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায়ও ভ্রাম্যমাণ আদালতকে আরও কীভাবে কার্যকর করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। এই অধিবেশন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ডিসিদের পুলিশ সুপার ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ করতে বলা হয়েছে। অধিবেশনে ডিসিরা আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। যেসব জেলায় যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেই, সেসব জেলায় তা চালুর কথা বলা হয়েছে।গতকাল মুক্তিযুদ্ধ, গৃহায়ণ ও গণপূর্ত, পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থেকে ডিসিদের বিভিন্ন প্রস্তাব শুনেছেন ও দিকনির্দেশনা দিয়েছেন।