অসাধারণ হয়ে ওঠার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি ছিল জীবনে যারা বিশেষ কিছু হতে চায়, তাদের অনুপ্রাণিত করার জন্য। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার আয়োজন। ‘সেলিব্রেটিং লাইফ’ নামের তরুণ প্রজন্মের গীতিকার, আলোকচিত্রী ও চলচ্চিত্রনির্মাতাদের পুরস্কৃত করার এই অনুষ্ঠানের আয়োজনটি করেছিল দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হলো মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে। পুরস্কার প্রদানের পরে ছিল উচ্চাঙ্গসংগীত। পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তাঁর মেয়ে কৌশিকী দেশিকান সুরের ইন্দ্রজালে মুগ্ধ করে রেখেছিলেন শ্রোতাদের।অনুষ্ঠান শুরু হয়েছিল দেশের জননন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘ওরে আয় আয় আয়’ গানটি দিয়ে। গানের সঙ্গে ছিল সাধনার শিল্পীদের সমবেত নৃত্য। এই গানটি লিখেছেন সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতায় এবারের প্রথম স্থান অর্জনকারী গীতিকার রীপা সরকার। সুর করেছেন আলাউদ্দিন আলী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আলোকচিত্রীদের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।শ্রোতাদের স্বাগত জানিয়ে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সৃজনশীলতা মানবজীবনের একটি অনন্য বৈশিষ্ট্য। তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে অনুপ্রেরণা দিতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি উচ্চাঙ্গসংগীত শুনতে আসা স্টেডিয়াম-ভর্তি দর্শকদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশে উচ্চাঙ্গসংগীতের এত শ্রোতা আছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার। দেশপ্রেম বাঙালির একটি বিশেষ বৈশিষ্ট্য। রুচিশীল জাতি হয়ে ওঠার মধ্য দিয়েও দেশপ্রেমের পরিচয় প্রকাশ পায়।প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে সহায়তা দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তরুণেরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি করা, তাদের উৎসাহিত করা প্রয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন।এরপর আজীবন সম্মাননার পর্ব। পর্দায় সম্মাননা পাওয়া গুণীজনদের পরিচিতি, তাঁদের মন্তব্য ও কর্মের বিশেষ চিত্রাবলি দেখানো হয়। এবার আজীবন সম্মাননা দেওয়া হয় নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক, আলোকচিত্রী আমানুল হক ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে। রাজ্জাক দেশের বাইরে থাকায় তাঁর পুরস্কার গ্রহণ করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।সেলিব্রেটিং লাইফ আয়োজনটি শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। এবার গীতিকার ও আলোকচিত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে। মানসম্মত চলচ্চিত্র না থাকায় এই বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি। তবে ডেইলি স্টার আয়োজিত চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্মিত কিছু চলচ্চিত্রের দৃশ্য পর্দায় দেখানো হয়।প্রথমেই ছিল আলোকচিত্রীদের পুরস্কার দেওয়ার পালা। প্রথম হয়েছেন রাহুল তালুকদার, দ্বিতীয় রেজওয়ান রাজ্জাক ও তৃতীয় হয়েছেন শুভাশীষ পাল। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন নয় তরুণ আলোকচিত্রী। গান রচনায় প্রথম রীপা সরকার, দ্বিতীয় বিল্লাল হোসেন ও তৃতীয় আহসানুজ্জামান। এ ছাড়া তিন গীতিকার পেয়েছেন বিশেষ পুরস্কার। পুরস্কার বিতরণীর পর সমাপনী বক্তব্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও ইমতিয়াজ ইবনে সাত্তার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করার পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের শিল্প-সংস্কতির বিকাশেও সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে দ্য ডেইলি স্টার-এর সঙ্গে এই আয়োজন করা হয়েছে। এই পর্বটি শেষ হয়েছিল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী গীতিকার বিল্লাল হোসেনের লেখা ‘ওরা সূর্যের সামনে দাঁড়ালো’ গানটির সঙ্গে সমবেত নৃত্য পরিবেশনা দিয়ে।বহু প্রতীক্ষিত উচ্চাঙ্গসংগীতের পালা শুরু হয়েছিল কৌশিকী দেশিকানের পরিবেশিত ‘মধুবন্তি’ রাগ দিয়ে। বিলম্বিত এক তালের আলাপ দিয়ে সুরের সাম্পান ভাসিয়েছিলেন তিনি। বন্দিশ ছিল ‘ঘন শ্যাম না আয়ে’। প্রায় ৫৫ মিনিটের এই রাগ শেষ করেছিলেন দ্রুত তিন তালে।পণ্ডিত অজয় চক্রবর্তী গানের শুরুতে শ্রোতাদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, প্রথম আলো ও ডেইলি স্টার আলো এবং তারা মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে যে ভূমিকা রাখছে, তা অবশ্যই দেশকে এগিয়ে নেবে। তিনি বলেন, বাংলাদেশের মতো এত উচ্চমানের লোকসংগীত আর কোথাও হয় না। লোকসংগীতই হলো রাগসংগীতের উৎস। তিনি ‘ও বিষের বাঁশি রে, ও পোড়া বাঁশি রে’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান। একই সঙ্গে ২৯ নভেম্বর ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসবে’ অংশ নেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান (প্রথম আলো চার দিনের এই উৎসবের সার্বিক সহযোগিতা করছে। আর্মি স্টেডিয়ামে উৎসব শুরু হবে সন্ধ্যা ছয়টায়। প্রথম দুই দিন সন্ধ্যা থেকে ভোর চারটা পর্যন্ত এবং ১ ও ২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত)। পণ্ডিত অজয় চক্রবর্তী ‘হংসধ্বনি’ রাগ দিয়ে শুরু করেছিলেন গানের পালা। শেষে পরিবেশন করেন রাগ বেহাগ। হেমন্তের রাতেরা প্রথম প্রহর সুরের মূর্ছনায় শ্রোতাদের তন্ময় করে রেখেছিলেন তিনি।