অসামরিক অঞ্চল চুক্তিতে রাজি সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুর্কি সীমান্তসংলগ্ন এলাকায় ১০ কিলোমিটারব্যাপী একটি অসামরিক অঞ্চল সৃষ্টিসংক্রান্ত এক চুক্তিতে রাজি হয়েছে সিরিয়ার সরকার। আজ শনিবার তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, চলতি সপ্তাহে দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে তুর্কি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে সেনা রাখতে সম্মত হয়েছে সিরিয়া। তবে আজ শনিবারও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি মর্টার হামলার ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়। তবে সিরিয়া সরকার এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। অপরদিকে আঙ্কারাও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দুই দেশের সরকারের মধ্যে এই চুক্তি হয়েছে বলে দাবি করেছে। মুক্তভাবে চলাফেরা ও বেসামরিক লোকজনের আশ্রয়স্থল হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীরা সিরিয়ায় এ ধরনের একটি অসামরিক অঞ্চলের দাবি করে আসছিল। গত বুধবার তুরস্কের সীমান্তবর্তী শহরে মর্টার হামলা চালায় সিরিয়া। ওই ঘটনায় পাঁচ তুর্কি বেসামরিক লোক নিহত হয়। তাত্ক্ষণিকভাবে তুরস্কও বোমা হামলা চালিয়ে এর জবাব দেয়। এরপর দুই দেশের সীমান্তে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তুর্কি পার্লামেন্ট অনুমোদন দেয়। তবে পার্লামেন্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ তুরস্কেই যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।এদিকে তুরস্কের সীমান্তবর্তী শহরে সিরিয়ার মর্টার হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।