অসামাজিক কার্যকলাপ: তুরাগের ৯ নৌকা পুড়িয়েছে মুসল্লিরা
তুরাগ নদে চলাচলকারী ছোট নৌকাগুলোতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ এনে মুসল্লিরা আজ শনিবার বেলা ১১টার দিকে নয়টি নৌকা পুড়িয়ে দিয়েছেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনসারউদ্দিন জানান, সাভার ও ঢাকার ১১টি থানার সীমান্তবর্তী এলাকা তুরাগ নদে দীর্ঘদিন ধরে ছোট ডিঙি নৌকায় পর্দা টাঙিয়ে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। মাসখানেক আগে তুরাগ থানার পুলিশ এখানে অভিযান চালিয়ে বেশ কিছু নৌকার পর্দা তুলে ফেলে। নৌকায় যাতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয় সে জন্য মাঝিদের সতর্ক করা হয়।ওসি আরও জানান, আজ বেলা ১১টার দিকে চমড়াবাড়ী এলাকার ওবায়দুল তালুকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল আকস্মিকভাবে তুরাগ নদে এসে ভাসমান অবস্থায় তিনটি এবং তীরে থাকা ছয়টি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঁরা আশুলিয়া থানার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মুসল্লি। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান। ওবায়দুল তালুকদার নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।