অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বর্ষবরণ
রাজাকারমুক্ত অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বাংলা নতুন বছরকে বরণ করা হচ্ছে। বর্ষবরণ উপলক্ষে নগরের ডিসি হিল ও সিআরবির শিরীষতলায় সকাল থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার হাজার নারী-পুরুষ অনুষ্ঠানে ভিড় করেছেন। অনেকেই রাজাকারমুক্ত দেশ গড়ার আলপনাও এঁকেছেন মুখে।নগরের ডিসি হিলে ভোর সোয়া ছয়টায় সদারঙ্গের রাগসংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হয়। এর পর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দলীয় সংগীত, আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশন করা হয়। দিনভর বর্ষবরণের এ আয়োজন করেছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ। ডিসি হিলের বাইরে রাস্তায় বর্ষবরণকে কেন্দ্র করে বসেছে বৈশাখী মেলা। সকাল সাড়ে সাতটায় সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় কৃষ্টি নামের একটি সংগঠনের যন্ত্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সেখানে বেলা তিনটায় সাহাব উদ্দিনের বলীখেলা এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুদ্ধাপরাধীসহ দেশ থেকে সব অশুভ শক্তি দূর করার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা এবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছেন।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ জানান, ডিসি হিল ও সিআরবিকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রায় দেড় হাজার অতিরিক্ত পুলিশ সদস্য নগরে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া র্যাবের টহলও রয়েছে।