অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার এক বাণীতে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। ১৭ এপ্রিল সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মুক্তিকামী সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ রেখে এই সরকার দীর্ঘ নয় মাস দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। কিন্তু পরাজিত শত্রুরা চুপ করে বসে থাকেনি। স্বাধীনতার সাড়ে তিন বছর অতিক্রান্ত না-হতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বাঙালি জাতীয়তাবাদের নেতৃত্বকে সমূলে ধ্বংস করার উদ্দেশ্যে আড়াই মাসের ব্যবধানে ৩ নভেম্বর জেলখানায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে।শেখ হাসিনা এই ঐতিহাসিক দিনে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।জেলখানায় নিহত চার নেতার হত্যার মামলার পুনর্বিচারের কাজ এবং যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে চলেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বাসস।