অসাম্প্রদায়িকতার পথে বাংলাদেশের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আমাকে আমার অভিজ্ঞতার আলোকে দেশের সম্ভাবনা সম্পর্কে লেখার অনুরোধ করেছেন। আমি এই আহ্বানে সাড়া দিতে উৎসাহী হলেও দুঃখের সঙ্গে এটা বলতেই হচ্ছে যে তিনি আমার এই স্বতঃস্ফূর্ত উৎসাহকে ব্যবহূত শব্দসংখ্যার ওপর সীমা আরোপ করে সীমিত করে দিয়েছেন।গোড়াতেই বাংলাদেশের জনগণের সহিষ্ণুতা ও সেক্যুলারিজমের পক্ষে সংগ্রামের বিশ্বব্যাপী গুরুত্ব তুলে ধরতে চাই। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হয়, আমি তখন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ। আমি এমন এক দেশে, নেদারল্যান্ডে, বেড়ে উঠেছি, যা ধর্মীয় সহিষ্ণুতার উত্তরাধিকার নিয়ে গর্ব বোধ করে। বিভিন্ন ধর্মের অনুসারী জনগণের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমার নৈতিক চেতনায় গভীরভাবে প্রোথিত ছিল। ফলে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধে অংশগ্রহণকারী সব দলই সেক্যুলারিজম, অর্থাৎ রাষ্ট্রীয় শাসন ও ধর্মের বিচ্ছিন্নতার প্রতি সমানভাবে অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়ে আমি অনুপ্রাণিত বোধ করেছিলাম। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভেতর এ ক্ষেত্রে মতৈক্য ছিল। এটাও স্পষ্ট ছিল যে পাকিস্তান রাষ্ট্রের ধর্মকে ব্যবহার করার বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ভেতর দিয়েই এই ঐক্য গড়ে উঠেছিল। আবার ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল সময়কালে দেশের গ্রামাঞ্চলে ব্যাপক সফরের সময় যেসব সাধারণ কৃষিজীবীর সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিতে আমি বিস্মিত হয়েছিলাম। খ্রিষ্টধর্ম ও ইসলামের মধ্যকার ঐতিহাসিক বৈরিতার কারণে আমি ধরেই নিয়েছিলাম এই ধর্ম সম্পর্কে বৈরী মন্তব্য শুনতে হবে। কিন্তু যাঁর সঙ্গেই দেখা হয়েছে, বলতে গেলে কোনো রকম ব্যতিক্রম ছাড়াই তাঁরা ইসলামের প্রতিদ্বন্দ্বী ধর্মের বার্তাবাহক জেসাস ক্রাইস্টের প্রতি দারুণ শ্রদ্ধা প্রকাশ করেছে।প্রথম আলোর পাঠকেরা ভালো করেই জানেন, দেশ স্বাধীনতা অর্জনের অল্প পরেই গৃহীত বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে সেক্যুলারিজমকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটাও সর্বজনবিদিত যে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত শাসনকারী সামরিক স্বৈরাচার পঞ্চম ও সপ্তম সংশোধনী নামে পরিচিত সংশোধনী গ্রহণ করেছিল। এই সংশোধনীগুলো ছিল স্বাধীনতা সংগ্রামের চেতনাবিরোধী ও তা সেক্যুলারিজমের নীতির উচ্ছেদ ঘটাতে চেয়েছে। সুতরাং বর্তমান সরকারের অধীনে সেক্যুলারিজমের পুনঃপ্রতিষ্ঠা ব্যাপক আশার উৎস হয়ে দাঁড়িয়েছে। তবে, ইতিহাসের প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। ২০০৭ সাল থেকে আমি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক-ধর্মীয় ইতিহাস নিয়ে গবেষণা করেছি। অমর্ত্য সেনের মতো কিছু কিছু পণ্ডিত পাশ্চাত্য কুসংস্কারকে চ্যালেঞ্জ করে যুক্তি তুলে ধরেছেন যে দক্ষিণ এশীয় উপমহাদেশ বেশ আগেই, বিশেষ করে ১৬০০ শতকের মোগল সম্রাট আকবরের মতো সহিষ্ণুতা উৎসাহ দানকারী শাসকদের প্রত্যক্ষ করেছে। তবে বাংলায় ধর্মীয় সহিষ্ণুতার রাজনীতির অস্তিত্ব দিল্লির শাসক আকবরের উত্থানের ঢের আগে থেকেই ছিল। দিল্লির শাসকদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া ইলিয়াস শাহি ও হুসেইন শাহির সালতানাতগুলো বিশেষভাবে সহিষ্ণু ছিল। উদাহরণস্বরূপ, হুসেইন শাহি হিন্দু মহাকাব্যের প্রতি গভীর সম্মান দেখিয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক দখলদারির বেশ কয়েক শতাব্দী আগে থেকেই বাংলার শাসকেরা সুফি সাধক, বিশেষ করে চিশতিয়া তরিকার সুফিদের কাছ থেকে আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেন। তাঁরা বিভিন্ন ধর্মের জনগণের ভেতর সম্প্রীতির অটল রক্ষক ইসলামি ধর্মীয় নেতাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন।বর্তমান বিশ্বে বাংলাদেশের সহিষ্ণুতার পুনঃপ্রতিষ্ঠাকে কেমন করে মূল্যায়ন করা যেতে পারে? পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তারাই সহিষ্ণুতা ও সেক্যুলারিজমের ধারণার প্রবক্তা। তবে বর্তমানে পশ্চিমা বিশ্বে ধর্মীয় বিদ্বেষের পুনর্জাগরণ লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে ইউরোপে চরম ডানপন্থী রাজনীতিকেরা নব্য উদারনৈতিক নীতিনির্ধারণের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার যারপরনাই চেষ্টা করছেন। এভাবে তাঁরা মুসলিম অভিবাসীদের অবমাননা করার জন্য ইসলামের প্রতি ঐতিহাসিক ভীতিকে কাজে লাগাচ্ছেন। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ইসলামের ইতিহাস-সম্পর্কিত জ্ঞানের ঘাটতি থাকায় চরমপন্থী রাজনীতিকেরা সহজেই এই ভীতিকে কাজে লাগাতে পারেন। শেষ পর্যন্ত তাঁরা ইসলামকে মৌলবাদী জোয়ারের সঙ্গে একীভূত করে বসেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অনন্য অতীত সহিষ্ণুতা-সংক্রান্ত আন্তর্জাতিক বিতর্কের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব বহন করে। সে জন্য আমাদের ইতিহাসের বেশি গভীরে যেতে হবে না। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উল্লেখ করাটাই যথেষ্ট হবে, যিনি তাঁর কবিতা ও গদ্যে স্বাধীনভাবে ইসলামি ও হিন্দু চিত্রকল্প ব্যবহার করেছেন। নজরুল ধর্মান্ধ মুসলিম ও হিন্দুদের সংঘাতকে প্রতীক, দাড়ি ও টিকির লড়াই বলে বিদ্রূপ করেছেন, যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। তিনি পয়গম্বর মুহাম্মদকে (সা.) জনগণকে নেতৃত্বদানের পয়গম্বর হিসেবে তুলে ধরেছেন, অন্যের উপসনাগৃহের ধ্বংসকারী নয়, তা সে ধর্ম যা-ই প্রচার করুক না কেন। নজরুলের কবিতা ও দৃষ্টিভঙ্গির সর্বজনীন তাৎপর্য রয়েছে।এবার বর্তমান সরকার কর্তৃক সূচিত যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে মন্তব্য করতে চাই। স্বাধীনতা যুদ্ধের পর প্রায় ৪০ বছর কেটে গেলেও ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি যে বাংলাদেশের প্রধানতম জাতীয় ইস্যু রয়ে গেছে, সে ব্যাপারে আমি ওয়াকিবহাল। পাকিস্তানি সেনাবাহিনী এবং ১৯৭১ সালে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তাকারী ধর্মান্ধ শক্তিগুলো হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বিপুলসংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করে স্রোতকে রুখে দিতে চেয়েছিল। এসব হত্যাকাণ্ড সেই সময় আন্তর্জাতিক সংবাদপত্রে ‘গণহত্যা’ হিসেবে পরিচিতি পায়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসন সংহত হওয়ার পর এসব অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু করার বিষয়টি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু হত্যাকাণ্ডের শিকার যারা তাদের প্রতি অবশ্যই সুবিচার করতে হবে। ১৯৭০-এর দশক থেকেই বাংলাদেশের জনগণের সচেতন অংশ বিচারের দাবিকে সজীব রেখেছে। ১৯৯২ সালে জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে আয়োজিত গণবিচারানুষ্ঠানে লক্ষাধিক জনগণের অংশগ্রহণের কথা আমার মনে আছে। আবার, ২০০৭ ও ২০০৮ সালে যখন আধা সামরিক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, তখন সেক্টর কমান্ডার্স ফোরাম, শাহরিয়ার কবিরের নেতৃত্বে নির্মূল কমিটি ও অন্যান্য সুশীল সামাজিক প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালায়। বর্তমান বিচার-প্রক্রিয়া শুরু করতে গিয়ে আওয়ামী লীগ সঠিকভাবেই ২০০৮ সালের শেষদিকে সংসদীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে।এ ছাড়া, সরকারের সাম্প্রতিক গৃহীত পদক্ষেপগুলোকে খাটো করে দেখা বা তাচ্ছিল্য করা উচিত হবে না। ট্রাইব্যুনাল, তদন্তকারী দল ও প্রসিকিউটরদের দল গঠনের পর সরকার আরও অগ্রসর হয়ে জামায়াতে ইসলামীর অন্তর্ভুক্ত দুজন সাবেক মন্ত্রী মতিউর রহমান ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন প্রথম কাতারের সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে। তা ছাড়া আমার ধারণা, ট্রাইব্যুনালের তদন্তকারী ও প্রসিকিউটররা প্রধান ব্যক্তি গোলাম আযমসহ ১২ জন দালালের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছেন; যদিও হত্যা, ধর্ষণ ও নিপীড়নের শিকার এবং তাঁদের আত্মীয়স্বজন আরও অনেকের গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের আশা করছেন। এটা সহজেই বোঝা যায় যে বাংলাদেশের সরকার ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ, সরকার সাহসের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার নীতি বাস্তবায়নে সহায়তাদানে মৌল ভূমিকা পালনকারীদের বেছে নিয়েছে। সংবাদপত্রের সংবাদ যেমন নিশ্চিত করেছে, ট্রাইব্যুনাল কর্তৃক বেছে নেওয়া ১২ জন সন্দেহভাজনের বেশির ভাগই ১৯৭১ সালে দখলদার বাহিনীকে সহায়তাদানকারী প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর শীর্ষ পদে ছিলেন। সরকার স্পষ্টতই জামায়াতের ক্ষমতায় ভীত নয়। চরমপন্থী এ দলটির নির্বাচনী-শক্তি সব সময়ই ক্ষুদ্র, ২০০৮ সালের নির্বাচনে দলটি শোচনীয় পরাজয় বরণ করে। তার পরও সামরিক স্বৈরতন্ত্রের আমলে বাংলাদেশের রাজনীতিতে পুনরাবির্ভাবের পর থেকেই জামায়াতে ইসলামী এক বিশাল আর্থিক সাম্রাজ্য ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। সুতরাং, ১৯৭১ সালের প্রধান সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার ও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সরকারি পদক্ষেপ আমার মতে সত্যিই সাহসী ও প্রশংসার্হ। এরপর বিচারের আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্পর্কে আমার আশাবাদ নিয়ে সামান্য আলোচনা। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার সরকারের বিভিন্ন পদক্ষেপ সাহসিকতাপূর্ণ বটে। বিচার কার্যক্রমের আইনি কাঠামো যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধসংক্রান্ত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রণীত। বর্তমানকালের আইনি কাঠামো অনুযায়ী এ ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই, এর তামাদি হওয়ারও সুযোগ নেই। ১৯৭১ সালে বাস্তবায়িত নীতিমালা যেহেতু ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতিবাহী, ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে বলেই আশা করা যেতে পারে। তবু সংক্ষেপে এটা বলা যেতে পারে যে বাংলাদেশের সরকার বিভিন্ন মহল থেকে বিরূপ চাপের মুখোমুখি হচ্ছে। স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছিল। অতি সাম্প্রতিক কাল পর্যন্তও মার্কিন কর্মকর্তারা সব প্রমাণের বিপরীতে দাবি করে গেছেন যে জামায়াতে ইসলামী একটি ‘মডারেট’ ইসলামি দল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সরকার ও মুসলিম চরম পন্থার বিকাশে অর্থায়নকারী মধ্যপ্রাচ্যীয় তহবিলও যুদ্ধাপরাধের বিচারে খুশি হবে না বলেই মনে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নির্মূল নীতির আলোকে ইউরোপীয় ইউনিয়ন বিচারের প্রতি সর্বাত্মক রাজনৈতিক সমর্থন প্রদানে দায়বদ্ধ। অথচ আমার জানা মতে, এখন পর্যন্ত তেমন কোনো সমর্থন মেলেনি। ইউরোপীয় পার্লামেন্ট একমাত্র ব্যতিক্রম। বিচার-প্রক্রিয়া শুরু করার পক্ষে তিনবার এর সমর্থন প্রকাশ করেছে, গত ২০ জুন ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ কর্তৃক ঢাকা আন্তর্জাতিক সম্মেলনে যেমন উল্লেখ করেছি আমি।বাংলাদেশের সরকার ও জনগণ এক সাহসিক সংগ্রামে অংশ নিচ্ছে। যুগপৎভাবে তারা ধর্মীয় সহিষ্ণুতার এক অনন্য ঐতিহ্যকে রক্ষা করছে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্তদের পক্ষে ন্যায়বিচার চাইছে। অভ্যন্তরীণভাবে দেশটিকে দেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে, যারা জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে থাকে। একই সময়ে বাংলাদেশ সরকারের পাশ্চাত্য রাজনীতিকদের একটা ক্রমবর্ধমান অংশের ইসলামকে আক্রমণ করার ‘ভয়ংকর’ খেলায় মেতে ওঠার ব্যাপারে সচেতন থাকার প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষাপটে আমি আন্তরিকভাবেই আশা করি, বাংলাদেশে ও আন্তর্জাতিক দিক থেকে যুদ্ধাপরাধের বিচারে ব্যাপকতর জনমত সঙ্গী হবে। উদাহরণস্বরূপ, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ডায়াসপোরারও উচ্চকণ্ঠ হয়ে বিদেশি বন্ধুদের একই কাজে অনুপ্রাণিত করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাপকভাবে বিশ্ব জনমত জাগ্রত করতে হবে, যাতে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার পূর্ণাঙ্গ ন্যায়বিচার পেতে পারি। ভাষান্তর: শওকত হোসেন ড. পিটার কাস্টার্স: লেখক, গবেষক, প্রথম আলোর ইউরোপীয় প্রতিনিধি