পার্থের গতিময় উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের ভালো খেলার সামর্থ্য নিয়ে সংশয় ছিল সবার মনে, কিন্তু আশাবাদীরা মনে করছিলেন মেলবোর্ন ও সিডনির ব্যর্থতার পর পার্থে খ্যাপা সিংহের মতো গা ঝাড়া দিয়ে উঠবেন ভারতের বিশ্বজয়ী ব্যাটসম্যানরা। কিন্তু আশাবাদীদের সব আশা চূর্ণ করে দিয়ে ঝড়ের সেই পূর্বাভাষই সত্যি প্রমাণ করলেন অসি ফাস্ট বোলাররা। বিশেষ করে হিলফেনহাস ও পিটার সিডল। নিজেদের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নিয়ে সূত্রপাত করেছেন ভারতীয় ইনিংস ধ্বংসের। হিলফেনহাসের ৪, সিডলের ৩ উইকেট, একই সঙ্গে স্ট্রাক ২টি ও রায়ান হ্যারিসের দখল করা ১ উইকেটের কল্যাণে ভারত অলআউট হয়ে গেছে ১৬১ রানেই।পার্থের সবুজে মোড়া, শক্ত ও বাউন্সি উইকেটে সকালে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দিনের শুরুতেই হিলফেনহাসের বলে স্লিপে পন্টিংকে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন বীরেন্দর শেবাগ। দলীয় রান তখন মাত্র ৪। ৩২ রানে ব্যক্তিগত ৯ রানে সিডলের বলে বোল্ড হন রাহুল দ্রাবিড়। সিডলের গতিময় একটি ইনসুইঙ্গার চৌচির করে দেয় ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের রক্ষণ। শচীন টেন্ডুলকার প্রত্যয়ী সূচনা করলেও বেশিদূর এগোতে পারেননি। মাত্র ১৫ রানেই তিনি রায়ান হ্যারিসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান, শততম সেঞ্চুরির ব্যাপারে ভক্ত-সমর্থকদের আরও অন্তত একটি ইনিংস অপেক্ষায় রেখে। গৌতম গম্ভীর ভালোই খেলছিলেন। ব্যক্তিগত ৩১ রানে হিলফেনহাসের একটি আউটসুইং ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক ব্র্যাড হাডিনের গ্লাভসে। লক্ষণ ও কোহলি এরপর ৬৮ রানের একটি জুটি গড়ে তুললেও বেশিক্ষণ থাকতে পারেননি। কোহলি ৪৪ রান করে বিদায় নেন সিডলের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ে। দলের রান তখন ১৩১। ১৩৮ রানে সেই সিডল মাইকেল ক্লার্কের সহায়তায় লক্ষণকে বিদায় করেন। লক্ষণের ব্যক্তিগত রান ছিল ৩১। এর পরের গল্প নিতান্তই করুণ। মাত্র ২৩ রানের ব্যবধানে একে একে ফিরে যান বিনয় কুমার, অধিনায়ক ধোনি, জহির খান ও ইশান্ত শর্মা। এই চারজনের উইকেট ভাগাভাগি করে ঝুলিতে পোরেন হিলফেনহাস ও স্ট্রাক।চা-বিরতির কিছু পরে অলআউট হয়েছে ভারত। দিনের তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে ব্যাট হাতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংস খেলতে। এই প্রতিবেদন লেখার সময় অসিদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৫ রান। এড কোয়ান ৩ ও ডেভিড ওয়ার্নার ১০ রান নিয়ে। প্রথম দিন তিনটি সেশনও পুরো ব্যাট করতে না পারা ভঙ্গুর মনোবলের ভারতীয় দল এই মুহূর্তে চোখের সামনে দেখছে আরও একটি ভরাডুবি। অধিনায়ক ধোনির দৃষ্টি এখন বোলারদের দিকে। সূত্র: রয়টার্স।