অসীম ক্ষমতাধর রাষ্ট্র তুমি মানবিক হও: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রকে মানবিক হওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রের কাছে মিনতি জানচ্ছি, রাষ্ট্র তুমি মানবিক হও। হাজার হাজার গ্রামবাসীর নামে-বেনামে মামলা কোরো না। হুলিয়া জারি কোরো না।’আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং রোটারি ক্লাব মিরপুর।মিজানুর রহমান বলেন, ‘আড়িয়ল বিলের হাজার হাজার গ্রামবাসী মামলার ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। অত্যাচারিত হচ্ছেন। পলাতক রয়েছেন। গ্রেপ্তার হচ্ছেন।’ তিনি বলেন, ‘যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেখানকার মানুষের আহ্বানে সাড়া দিয়ে পদ্মার ওপারে বিমানবন্দর করার ঘোষণা দিয়েছেন, সেখানে রাষ্ট্রযন্ত্র কেন অসংখ্য মানুষের নামে দায়ের করা বেনামি মামলা তুলে নেবে না!’মিজানুর রহমান বলেন, ‘আইনের শাসনের অভাবে আমাদের রাষ্ট্র আজ এক অসীম ক্ষমতাধর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে নাগরিক সামান্য এক বিন্দু মাত্র। তাই সেই অসীম ক্ষমতাধর রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাতে পারি—রাষ্ট্র তুমি মানবিক হও।’ তিনি বলেন, ‘এটা মানতে খারাপ লাগে, এ অসীম ক্ষমতাধর রাষ্ট্র গুটিকয়েক দুষ্কৃতকারীর হাত থেকে নাগরিকদের বাঁচাতে পারবে না। এটা কোনো চ্যারিটি নয়। এটা তার ডিউটি।’ইভ টিজিং বা যৌন হয়রানি সম্পর্কে তিনি বলেন, ‘যারা এই অপরাধ করছে, তারা ভীনগ্রহের কেউ নয়। তারা আমাদেরই সমাজের অংশ, আমাদেরই আপনজন। তারা আমাদের প্রতিপক্ষ নয়। তাই শত্রুতা করে এ ধরনের ভয়ানক সামাজিক ব্যাধি দূর করা যায় না।’জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়ে তুলেছি, যেখানে নারীকে বাজারের পণ্য হিসেবে গণ্য করা হয়।’ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রশ্ন রাখেন, ‘যে শিক্ষক রাজনৈতিক পরিচয়ে শিক্ষক হন, তিনি ছাত্রদের কী শেখাবেন? যাঁর নিজের স্বাধীন স্বপ্ন দেখার যোগ্যতা নেই, তিনি নতুন প্রজন্মকে কী স্বপ্ন দেখাবেন? আমাদের যে নৈতিক স্খলন ঘটেছে, তাতে কে আমাদের কাছে ভালো কিছু আশা করবে?’আশা বিশ্বাবদ্যালয়ের উপাচার্য মইনউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর চেয়ারম্যান শাজাহান, মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী প্রমুখ।