অসুখী শৈশব হৃদরোগের ঝুঁকি বাড়ায়!
শৈশবটা যাদের আনন্দে কাটে না, মধ্যবয়সে গিয়ে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আনন্দময় শৈশব কাটানো ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি কম। সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব এপিডেমোলজি অ্যান্ড কমিউনিটি হেলথ’-এ প্রকাশিত এক নিবন্ধে মার্কিন গবেষকেরা এমনটাই দাবি করেছেন। বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও তাঁরা মত দেন। ওই নিবন্ধের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ৩৭৭ জন লোকের সাত বছর বয়সের মানসিক অবস্থা ও ৪০ বছর বয়সে তাদের মানসিক ও শারীরিক সমস্যাবিষয়ক তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা এমন সিদ্ধান্তে পৌঁছান। দেখা গেছে, শৈশবের মানসিক অবস্থার সঙ্গে মধ্যবয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার যোগসূত্র আছে; বিশেষ করে নারীদের বেলায় এই যোগসূত্র খানিকটা বেশি। গবেষণায় দেখা গেছে, সাত বছর বয়সে যেসব ব্যক্তি মানসিক যন্ত্রণায় ভুগেছেন, মধ্যবয়সে গিয়ে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়েছে। ওই বয়সে যেসব নারী মানসিক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, মধ্য বয়সে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩১ শতাংশ বেড়েছে। যেসব পুরুষ ওই বয়সে মানসিক যন্ত্রণায় ভুগেছেন, মধ্যবয়সে গিয়ে তাঁরা অল্পেই রেগে যান ও হতাশ হয়ে পড়েন। তাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৭ শতাংশ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু পরিবারের কাছ থেকে যথেষ্ট মনোযোগ পেয়েছে, তাদের ক্ষেত্রে মধ্যবয়সে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। তবে দুটি বিষয় নিয়েই আরও গবেষণার প্রয়োজন আছে বলে গবেষণা দলের প্রধান অ্যালিসন অ্যাপেলটন মন্তব্য করেছেন।গবেষণার ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ হৃদরোগ সেবিকা মৌরিন ট্যালবট। তিনি বলেন, এতে ভবিষ্যতে সন্তানকে হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে বাবা-মা শৈশব থেকে যত্নশীল হতে পারবেন।