অসুরের বিরুদ্ধে তিশমা!
পপ ঘরানার কণ্ঠশিল্পী তিশমা বলেছেন, ‘এখনকার অনেক সংগীতপরিচালক গিটার, হারমোনিয়াম কিংবা পিয়ানো কোনোকিছুই বাজাতে পারেন না। অথচ তাঁরা নিজেদের সংগীতপরিচালক হিসেবে দাবি করছেন। এটা শ্রোতাদের সঙ্গে তাঁদের একধরনের প্রতারণা। অযথা খ্যাতি কামানোর ধান্দায় এ ধরনের কাজ তাঁরা হর-হামেশাই করে যাচ্ছেন।’ এখানকার অনেক নবীন সংগীতপরিচালক সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন।তিশমা বলেন, ‘আমি নিজেও নবীন সংগীতপরিচালক। ছোটবেলা থেকে সংগীতের বিভিন্ন যন্ত্রপাতি বাজানো শিখেই কিন্তু এত দূর এসেছি। চার বছর বয়স থেকেই আমি পিয়ানো বাজানো শিখেছি। এখন হারমোনিয়াম, গিটার থেকে শুরু করে পশ্চিমা ও পূর্ব বিশ্বের গানের ক্ষেত্রে যত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার সবই আমি বাজাতে পারি। সবকিছু জেনেই আমি সংগীতপরিচালনার কাজে হাত দিয়েছি।’সুরকার তৈরি হওয়ার ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব সম্পর্কে তিশমা বলেন, ‘প্রযুক্তির কল্যাণে আজকাল অনেকেই সুর না করেই নিজেদের সুরকার বলে দাবি করছেন। তবে এ জন্য প্রযুক্তিকে অযথা দোষারোপ করার কোনো কারণ নেই। প্রযুক্তিকে স্বাগত জানিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু বর্তমান সময়ের চিত্রটা একেবারেই উল্টো। এখনকার অনেক সংগীতপরিচালকই বিভিন্ন ওয়েবসাইট থেকে মিউজিক ডাউনলোড করে সেগুলোকে নিজেদের বলে চালিয়ে দেয়। তবে এদের স্থায়িত্বও কিন্তু খুব বেশিদিন হচ্ছে না।’উল্লেখ্য, www.tishmaonline.com শীর্ষক তিশমার নিজস্ব ওয়েবসাইটে ৩১ ডিসেম্বর শনিবার প্রকাশিত হচ্ছে অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’। ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ অ্যালবামটি কিনতে পারবেন। অ্যালবামটি খুব শিগগিরই সিডি আকারে প্রকাশ পাবে বলেও জানান তিশমা। এই অ্যালবামে তিশমার সঙ্গে ‘অ্যাঞ্জেল’ শিরোনামের একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন রাশিয়ান পপগায়িকা লিনা। গানটির কথা সুর ও সংগীতপরিচালনা করেছেন তিশমা নিজে। গানটি কথা ইংরেজি ও রাশিয়ান ভাষার।তিশমার সর্বশেষ অ্যালবাম ছিল এক্স ফ্যাক্টর। প্রকাশিত হয় সংগীতার ব্যানারে। ২০০২ সালে ‘তারা’ অ্যালবামের মধ্য দিয়ে অডিও জগতে এককভাবে যাত্রা শুরু করেন তিশমা।