অসুস্থ পররাষ্ট্রসচিবকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে আজ বৃহস্পতিবার রাতে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।শ্বাসপ্রশ্বাসের জটিলতাসহ শরীরের নানা রকম জটিলতার কারণে গত বুধবার রাত থেকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস যন্ত্র দিয়ে রাখা হয়েছে। পররাষ্ট্রসচিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়।পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক তৌফিক হাসান রাতে প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স রাত ১০টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। গুরুতর অসুস্থ পররাষ্ট্রসচিবকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সঙ্গে তাঁর স্ত্রী নাঈমা কায়েস ও এক আত্মীয় রয়েছেন।জানা গেছে, এর আগে গত বুধবার শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সকের শরণাপন্ন হন মোহাম্মদ মিজারুল কায়েস। স্বাস্থ্যপরীক্ষার পর চিকিত্সকেরা তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।গত বুধবার রাতে পররাষ্ট্রসচিবের স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। শ্বাসপ্রশ্বাসের জটিলতার পাশাপাশি তাঁর অ্যাজমা দেখা দেয়। সেই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এ অবস্থায় রাতেই তাঁকে সিএমএইচে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসের সহায়ক যন্ত্র দিয়ে রাখা হয়েছিল।