অসুস্থ হয়ে বিশ্রামে জাহিদ হাসান
ঈদের আনন্দ যেতে না-যেতে ঠান্ডা জ্বরে আক্রান্ত হলেন জাহিদ হাসান। দুই দিন ধরে তাই বিশ্রামেই থাকতে হচ্ছে তাঁকে। চলছে প্রাথমিক চিকিত্সা। জাহিদ হাসান বলেছেন, ‘ঋতুপরিবর্তনের কারণে এখন অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। চিকিত্সকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। আজ সোমবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি মনে হচ্ছে। আশা করছি, আগামী বুধবার থেকে শুটিং করতে পারব।’জানা গেছে, সুস্থ হয়ে আগামী বুধবার থেকে জাহিদ হাসান ‘ক্যাপসুল ফাইভ হান্ড্রেড এমজি’ নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন।প্রসঙ্গত, এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত বেশ কয়েকটি টেলিছবি এবং এক ঘণ্টার নাটক প্রচারিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি চারটি নাটক পরিচালনাও করেছেন তিনি। ঈদের প্রায় সব নাটকে জাহিদ হাসানের নাটক প্রশংসিত হয়েছে। তাঁর পরিচালিত নাটক চারটি হচ্ছে এনটিভিতে ‘সেকেন্ডহ্যান্ড’, এটিএন বাংলায় ‘ব্রেকিং নিউজ’, বাংলাভিশনে ‘মোটরসাইকেল’ ও বৈশাখীতে ‘গল্প নয় সত্যি’।এবারের ঈদে জাহিদ হাসানের বিপরীতে বিভিন্ন নাটকে যথাক্রমে অভিনয় করেছেন নওশীন, সারিকা, ছন্দা, মোনালিসা, তিশা, মিম ও অহনা।