অসুস্থ হয়ে হাসপাতালে হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।হিলারির মুখপাত্র ফিলিপ রাইনস জানান, গতকাল রোববার স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।চলতি মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ওই সময় বলা হয়, পাকস্থলীতে হিলারির দেহে চরম পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেন।হিলারির অসুস্থতার কারণে তখন লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে কংগ্রেসের বিদেশ-সংক্রান্ত কমিটির নির্ধারিত শুনানি বাতিল করা হয়। অসুস্থতার কারণে বাতিল করা হয় তাঁর মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা সফর।বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তত্কালীন ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। গত চার বছরে ১১২টি দেশ সফর করেছেন তিনি। ওবামার দ্বিতীয় মেয়াদে সিনেটর জন কেরিকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। হিলারির স্থলাভিষিক্ত হবেন তিনি।