মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য এ কে এম জহির আহমেদ অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। একই দিন তাঁর জায়গায় নিয়োগের জন্য হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। বিচারক এ কে এম জহির আহমেদ গতকাল মঙ্গলবার দুপুরে নিজেই আইন মন্ত্রণালয়ে গিয়ে অব্যাহতিপত্র দেন। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, জহির আহমেদ অসুস্থতার কারণে অব্যাহতি চেয়েছেন। এ জন্য নতুন বিচারক হিসেবে প্রধান বিচারপতির পরামর্শক্রমে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। জহির আহমেদের অব্যাহতি ও নতুন বিচারক নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা রাষ্ট্রপতির কাছে যাবে। আজ বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জহির আহমেদের পায়ে সমস্যা আছে। তাঁর হাঁটতে ও বেশিক্ষণ বসে থাকতে সমস্যা হয়। ট্রাইব্যুনালের একটি সূত্র জানিয়েছে, রোজার মাসে তিনি ট্রাইব্যুনালে দেরিতে আসতেন। কারণ, তাঁকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হতো।আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাংবাদিকদের বলেন, ‘তিনি (জহিরুল আহমেদ) অসুস্থতার জন্য অব্যাহতি চেয়েছেন।’২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেখানে সদস্য হিসেবে নিয়োগ পান বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ।পরে ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। অব্যাহতি চাওয়ার আগ পর্যন্ত জহির আহমেদ ট্রাইব্যুনাল-১-এ দায়িত্ব পালন করেন। গতকাল বেলা একটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালের কাজ করেই মন্ত্রণালয়ে যান।