অস্কার জিতল ‘দ্যা হার্ট লকার’
২০১০ সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল ইরাক যুদ্ধ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দ্যা হার্ট লকার। গতকাল রোববার ঘোষিত এই পুরস্কারে দ্যা হার্ট লকার পেছনে ফেলে বহুল আলোচিত মার্কিন চলচ্চিত্র অ্যাভাটারকে। সেরা ছবি ও সেরা পরিচালকসহ চলচ্চিত্রটি মোট ছয়টি অস্কার লাভ করেছে। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নারী হিসেবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন ক্যাথরিন বিগেলো। ক্যাথরিন বিগেলো হার্ট লকার চলচ্চিত্রের অন্যতম প্রযোজক। এ ছাড়া সাংবাদিক মার্ক বোল এবং ছবির বিনিয়োগকারী নিকোলাস চার্টার ও গ্রেগ সাপিরোও ক্যাথরিন বিগেলোর সঙ্গে অস্কার জিতেছেন। তবে নিকোলাস চার্টার আনুষ্ঠানিকভাবে তাঁর পুরস্কার গ্রহণ করতে পারেননি। অস্কার পুরস্কারের আচরণবিধি ভঙ্গের কারণে তাঁকে এ অনুষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।দ্যা হার্ট লকার চলচ্চিত্রটি ইরাক যুদ্ধে একটি মার্কিন বোমা নিষ্ক্রিয়কারী দলের গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছবিটি কেবল উত্তর আমেরিকাতেই ১৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলিউড চলচ্চিত্রের ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল অ্যাভাটার অস্কার পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত তা হার মানল অপেক্ষাকৃত স্বল্প বাজেটের হার্ট লকার-এর কাছে। আরও একটি মজার তথ্য হলো, অ্যাভাটার-এর পরিচালক জেমস ক্যামেরুনও এবারের অস্কারে হার মেনেছেন তাঁর সাবেক স্ত্রী ক্যাথরিন বিগেলোর কাছে।