অস্কার পিস্টোরিয়াস গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকার প্যারা-অলিম্পিক দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিটোরিয়ায় নিজ বাসভবনে বান্ধবীকে গুলি করে হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।পুলিশ জানায়, ঘটনাস্থলে ওই নারী নিহত হয়েছেন। তাঁর মাথা ও বাহুতে গুলি লাগে। ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। তবে গণমাধ্যমের খবরে বলা হয়, চোর ভেবে ভুল করে পিস্টোরিয়াস হয়তো তাঁর বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করেন।পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা ঘটনাস্থলে একটি নাইন এমএম পিস্তল পেয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াসই প্রথম ব্যক্তি, যিনি দুই পা না থাকা সত্ত্বেও মূল অলিম্পিকে অংশ নিয়েছেন।দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ। এ কারণে দেশটির অনেক নাগরিক নিরাপত্তার জন্য অস্ত্র রাখেন।