অস্কারে ইতিহাস গড়লেন ড্যানিয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার অস্কারের ৮৫তম আসরে ইতিহাস গড়লেন ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। স্টিফেন স্পিলবার্গের লিংকন চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে অস্কারের সেরা অভিনেতার মুকুট তাঁর মাথায়। এর আগেও দু-দুবার অস্কার জিতেছিলেন এই অভিনেতা।আর সিলভার লাইনিংস প্লেবুক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। সমস্যাগ্রস্ত এক বিধবার চরিত্রে অভিনয় করে মাত করে দিয়েছেন এই তরুণী অভিনেত্রী। গত রোববার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন হলিউডের অভিনেতা জ্যাক নিকলসন। তাঁকে সহযোগিতা করেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এবারের আসরে সেরা চলচ্চিত্র হিসেবে আরগো-এর নাম ঘোষণা করেন রুপালি রঙের পোশাক পরা মার্কিন ফার্স্ট লেডি। বেন অ্যাফ্লেকের ইরানের জিম্মি নাটক নিয়ে তৈরি চলচ্চিত্র আরগো সেরা চলচ্চিত্রের পুরস্কার পেলেও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লাইফ অব পাই চলচ্চিত্রের পরিচালক তাইওয়ানের অ্যাং লি। ২০১২ সালের আলোচিত ছবি লাইফ অব পাই ছবিটি বেস্ট সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্টস ও অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে। সমুদ্র উপকূলবর্তী সাগরে জীবন রক্ষার জন্য একটি নৌকায় রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে আটকে পড়া একটি বালকের সংগ্রামের শ্বাসরুদ্ধকর কাহিনি নিয়ে ইয়ান মার্টেলের উপন্যাস অবলম্বনে লাইফ অব পাই ছবিটি নির্মিত হয়েছে। এর আগে ২০০৬ সালে অস্কার জিতেছিলেন পরিচালক অ্যাং লি। জ্যাংগো আনচেইনড চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টফ ওয়ালৎজ। আর সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যান হ্যাথঅ্যাওয়ে, লা মিজারেবলস চলচ্চিত্রে অভিনয়ের জন্য। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে আমুর। জ্যাংগো আনচেইনড ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছেন কুয়েন্টিন তারান্তিনো। তিনি পালপ ফিকশন লিখে ১৯৯৪ সালেও এ বিভাগে পুরস্কার জিতেছিলেন। সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ব্রেভ। জেমস বন্ড সিরিজের ছবি স্কাইফল-এ থিম সং গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অ্যাডেলি ও পল ইপওর্থ।ইতিহাস গড়লেন ড্যানিয়েল: একই সঙ্গে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের নাগরিক অভিনেতা ড্যানিয়েল ডে লুইস (৫৫) ১৯৯০ সালে মাই লেফট ফুট ও ২০০৮ সালে দেয়ার উইল বি ব্লাড ছবিতে অভিনয় করে অস্কার জেতেন। তিন তিনবার অস্কার জিতে ড্যানিয়েল নিজেও বিস্মিত। তিনি বলেন, ‘কীভাবে এমনটি হলো, সত্যিই আমি জানি না। আমার জীবনে যতটুকু সৌভাগ্য লেখা ছিল, তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি।’ড্যানিয়েলের বাবা যুক্তরাজ্যের ‘পোয়েট লরেট’ খেতাব পাওয়া কবি সেসিল ডে-লুইস এবং মা ব্রিটিশ অভিনেত্রী জিল ব্যালকন। ড্যানিয়েল অভিনীত প্রথম চলচ্চিত্র সানডে ব্লাডি সানডে মুক্তি পায় ১৯৭১ সালে। এ বছরই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও ২০১১ সালে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। মাত্র ২২ বছরের এই তরুণী ২০১০ সালে উইন্টারস বোন ছবিতে অভিনয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ আরও কয়েকটি পুরস্কার পান। বিবিসি ও এএফপি।