অস্কারের আলোয় ঝলমল করছে লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটার।প্যারিসে তখন ভোর। ফরাসিদের ঘুম ভাঙার আগেই মার্কিন মুল্লুকে রচিত হয়ে গেল তাদের বিজয়গাথা। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আসরে বিজয়ের পতাকা উড়িয়েছে ফ্রান্সের প্রায় নির্বাক ছবি দি আর্টিস্ট। সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতাসহ সামনের সারির মোট পাঁচটি অস্কার গেছে সাদা-কালো এই ছবির দখলে। মার্কিন মুল্লুকে ফরাসি আধিপত্য আর কাকে বলে!‘আমার ঠিক করে রাখা বক্তৃতাটা ভুলে গেছি। তবে এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী পরিচালক।’ অস্কার হাতে নিয়ে বলেছেন মিশেল আজনাভিকুস। ৮৪তম অস্কার আসরে সেরা পরিচালকের মুকুট মাথায় তুলে নেওয়ার আগে মিশেলকে পেছনে ফেলতে হয়েছে মার্টিন স্করসেসি এবং উডি অ্যালেনের মতো হলিউডের ‘গ্রেট’দের।সেরা ছবির দৌড়ে দি আর্টিস্ট লড়েছে এই দুই নির্মাতার ছবি (হুগো, মিডনাইট ইন প্যারিস) ছাড়াও দ্য ডিসেনড্যান্টস আর ট্রি অব লাইফ-এর মতো প্রবল দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে।সেরা অভিনেতা ফ্রান্সের জঁ দুজারদ্যা (দি আর্টিস্ট)। দারুণ সম্ভাবনা ছিল জর্জ ক্লুনি (দ্য ডিসেনড্যান্টস) এবং ব্র্যাড পিটের (মানিবল)। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছিঁড়েনি।অস্কার কিংবা গোল্ডেন জয় এত দিনে নেহাত ‘পান্তাভাত’ হয়ে যাওয়ার কথা তাঁর কাছে। মনোনয়ন পেয়েছেন মোট ১৭ বার। আর এ নিয়ে মেরিল স্ট্রিপ সেরা অভিনেত্রীর অস্কার হাতে তুললেন তৃতীয় দফায়। দি আয়রন লেডি ছবিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় তাঁকে এনে দিয়েছে এবারের অস্কার।সেরা পার্শ্ব অভিনেত্রী অক্টাভিয়া স্পেনসার (দ্য হেল্প)। সেরা অভিনেতা বিভাগে তাঁর সঙ্গী বর্ষীয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার (বিগিনারস)।গোল্ডেন গ্লোব এবং বার্লিন উৎসব জয়ের পর অস্কারেও বাজিমাত করল ইরানের এ সেপারেশন। সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে অস্কার জিতেছে আসগার ফরহাদি পরিচালিত এই ছবি।সামনের সারির পুরস্কারগুলো হাতছাড়া হলেও কারিগরি দিকে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে মার্টিন স্করসেরির হুগো। সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল এফেক্টসহ মোট পাঁচটি কারিগরি বিভাগে অস্কার জিতেছে হুগো। অস্কারে এবারের সেরা অ্যানিমেশন ছবি র্যাঙ্গো। রয়টার্স, পিপল।