অস্ট্রিয়ার ছাড়পত্র না পাওয়ায় এক হাজার পিস্তল কেনা বাতিল
অস্ট্রিয়া সরকার ছাড়পত্র না দেওয়ায় পুলিশের জন্য এক হাজার নাইন এমএম পিস্তল কেনার প্রকল্প বাতিল করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিন বছর ধরে এ নিয়ে চিঠি চালাচালির পরও অস্ট্রিয়া সরকার বাংলাদেশের কাছে নাইন এমএম পিস্তল বিক্রি করতে রাজি হয়নি। পিস্তল কেনা বাবদ আড়াই কোটি টাকার মঞ্জুরিও বাতিল করা হয়েছে।সূত্র জানায়, পিস্তল কেনা নিয়ে পুলিশ সদর দপ্তরে এআইজি এম মাহবুব আলম সম্প্রতি স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারকে চিঠি দিয়ে এ তথ্য জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, এক হাজার পিস্তল কেনার জন্য ২০০৮-০৯ অর্থবছরে পুলিশের জন্য মূল সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোক লিমিটেড স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স এন নিউ অরিয়ন বিজনেস লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। এ ছাড়া দুজন পুলিশ কর্মকর্তা অস্ট্রিয়ায় অবস্থিত মূল সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানাও পরিদর্শন করেন।পরে ওই প্রতিষ্ঠান থেকে জানানো হয়, অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশে পিস্তল বিক্রির ব্যাপারে অনুমতি মেলেনি। এরপর সরবরাহকারী প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্র শাখা থেকেও পিস্তল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত ২৬ এপ্রিল স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরকে জানানো হয়, যুক্তরাষ্ট্র থেকেও গ্লোক কোম্পানির নাইন এমএম পিস্তল সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়। এরপর চুক্তিপত্র ও এলসি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্র পিস্তল সরবরাহ করতে পারবে না বলে আমাদের জানিয়েছে। তবে কেন তারা এলসি বাতিল করেছে, সে বিষয়ে আমাদের জানায়নি।’এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক দেশই বাংলাদেশের কাছে পিস্তল রপ্তানি করতে চায় না। এ বিষয়গুলো জানার পরও কেন ওই সব দেশ থেকেই পিস্তল কেনার উদ্যোগ নেওয়া হয়, সে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের খতিয়ে দেখা উচিত। তারা পিস্তল দিতে পারবে না সেটা জানতে কেন তিন বছর লেগে গেল, তাও খুঁজে দেখা উচিত।এ বিষয়ে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স এন নিউ অরিয়ন বিজনেসের কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।