অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া আশ্রয়প্রার্থীদের বিষয়ে আলোচনা করছে
একটি আঞ্চলিক রিফিউজি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলাপ করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ আজ বুধবার ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। অস্ট্রেলিয়া সে দেশে আশ্রয়প্রার্থীদের জন্য পূর্ব তিমোরে একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছে।কিন্তু এর ফলে আরও অনেক আশ্রয়প্রার্থী ইন্দোনেশিয়ার জলভাগে এসে জড়ো হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাকার্তা।অস্ট্রেলিয়া চাইছে, ক্রমবর্ধমান সংখ্যায় আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে অস্ট্রেলিয়া আসা বন্ধ করতে। তাঁদের অনেকেই আসছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে।এসব আশ্রয়প্রার্থীর অনেকেই ইন্দোনেশিয়ার জলভাগে ধরা পড়েছেন এবং ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে অন্যান্যের দৃষ্টি আকর্ষণ করেছে যে ইন্দোনেশিয়ার পশ্চিম তিমোর ও স্বাধীন পূর্ব তিমোরের সীমান্তে পাহারা প্রায় নেই বললেই চলে।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়ার সঙ্গে বৈঠক করবেন।অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোকে স্মিথ বলেন, একটি আঞ্চলিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র আশ্রয়প্রার্থীদের তাঁদের দৃষ্টি এ অঞ্চলের একটি গন্তব্যস্থলের ওপর নিবদ্ধ রাখতে উত্সাহিত করবে। অস্ট্রেলিয়া আরও বলেছে, আশ্রয়প্রার্থীদের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের বিষয়ে সে পূর্ব তিমোরের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও সে দেশের পার্লামেন্ট প্রস্তাবটি নাকচ করে দিয়েছে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরু আবারও সেখানে একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। নাউরু প্রশান্ত মহাসাগরীয় সমাধান নামে পরিচিত এ প্রস্তাব অস্ট্রেলিয়ার আগের একটি সরকারকেও দিয়েছিল। অভিবাসন অস্ট্রেলিয়ায় একটি অতি সংবেদনশীল বিষয়, বিশেষ করে যখন কিছু দিনের মধ্যেই সে দেশে একটি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার কথা।বর্তমানে অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের ভারত মহাসাগরের খিষ্টমাস দ্বীপে প্রক্রিয়াজাত করা হয়। কিন্তু এখন আশ্রয়প্রার্থীদের সংখ্যা এই কেন্দ্রটির ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে বলে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে কিছু কেন্দ্র আবার চালু করতে হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ বছর ১৯ মে পর্যন্ত প্রায় দুই হাজার ৯৮২ জন আশ্রয়প্রার্থীকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে আটক করা হয়েছে। — বিবিসি অনলাইন