অস্ট্রেলিয়ায় কয়লাবন্দর অচল করলেন পরিবেশবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম কয়লা রপ্তানি বন্দর গতকাল রোববার পাঁচ ঘণ্টার জন্য অচল করে দিয়েছিলেন পরিবেশবাদীরা। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কয়লা রপ্তানি বন্দরকে দায়ী করে পরিবেশবাদীরা এ কর্মসূচি পালন করেন। জানা গেছে, পরিবেশবাদীরা অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্ নগর সিডনির উত্তরে নিউক্যাসেল কয়লাবন্দরে চুপিসারে ঢুকে পড়ে বন্দরের বিভিন্ন যন্ত্রের সঙ্গে নিজেদের বেঁধে এতে অচলাবস্থার সৃষ্টি করেন। বন্দরের একজন মুখপাত্র জানান, রোববার ভোর থেকে টানা পাঁচ ঘণ্টা বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।সিডনি পুলিশ জানিয়েছে, প্রায় ৩২ জন পরিবেশবাদী চকিতে বন্দরে ঢুকে কয়লার মজুদ দখলে নিয়ে নেন। এঁদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।রাইজিং টাইড নামের পরিবেশবাদী এই সংস্থাটি দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া সরকারকে কয়লাবন্দরের পরিবেশ বিপর্যয়ের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করল। এ ব্যাপারে রাইজিং টাইডের মুখপাত্র আন্নিকা ডিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনে ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কয়লাবন্দরগুলো। আমাদের রাজনৈতিক নেতাদের এটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আমরা উদ্যোগ নিয়ে এ ধরনের একটি কর্মসূচি হাতে নিয়েছি।’—বাসস