অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল এখনো জ্বলছে। প্রচণ্ড তাপমাত্রার ও বাতাসের কারণে তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এ অবস্থাকে ‘ভয়াবহ দিন’ বলে সতর্ক করেছেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নিউ সাউথ ওয়েলসে শতাধিক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। তাসমানিয়া এলাকায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। তবে দমকলকর্মীরা এসব ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাননি।ক্যানবেরা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে ইয়ারাবিন এলাকায় বড় ধরনের দাবানলের সৃষ্টি হয়েছে। রুরাল ফায়ার সার্ভিস জানায়, এ আগুন নিয়ন্ত্রণের বাইরে।পশ্চিম ভিক্টোরিয়ায় পুড়ে গেছে সাত হাজারের বেশি হেক্টরে থাকা পাইনগাছ। নিউ সাউথ ওয়েলসের চারটি এলাকাকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আগুন লাগলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এবং দ্রুত তা ছড়িয়ে পড়বে। এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, এখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। নিজেদের নিরাপদে রাখা খুবই জরুরি। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ ও সতর্কতা তাদের মেনে চলতে হবে। পরিস্থিতি খুব ভয়াবহ।অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণ ২০ দিনের মধ্যে ২০১৩ সালের প্রথম ছয় দিন রয়েছে। পর পর পাঁচ দিন অস্ট্রেলিয়ার গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।নিউ সাউথ ওয়েলস, ক্যানবেরা, তাসমানিয়া ও ভিক্টোরিয়ায় আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।সব জাতীয় পার্ক, বন ও সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ লোকজনের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে অনেক পর্যটক এসব এলাকা ছেড়ে গেছেন।