অস্ট্রেলিয়ায় সিনেটে লড়বেন অ্যাসাঞ্জ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় নির্বাচনে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে ভিক্টোরিয়া থেকে তিনি লড়বেন বলে আজ পিটিআইয়ের খবরে জানানো হয়।অ্যাসাঞ্জ এখন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন। গত জুনে তিনি সেখানে আশ্রয় নেন। আজ বৃহস্পতিবার পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।উইকিলিকসের অস্ট্রেলিয়ান সিটিজেনস অ্যালাইয়েন্সের (ডব্লিউএসিএ) মুখপাত্র স্যাম কাস্ত্রো বলেন, গতকাল বুধবার প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য অ্যাসাঞ্জের আবেদন অস্ট্রেলীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অ্যাসাঞ্জের স্বাক্ষরসহ আবেদনপত্রটি তাঁর হয়ে জমা দেওয়া হয়েছে।কাস্ত্রো জানান, জাতীয় পরিষদের ১০ জন সদস্য নিয়ে উইকিলিকস পার্টি গঠন করা হবে। এক সপ্তাহের মধ্যে সম্মেলন করবেন তাঁরা। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরও অ্যাসাঞ্জ যদি তাঁর সিনেটের আসন পূরণ করতে না পারেন, তাহলে মনোনীত অপর একজনকে দিয়ে ওই আসনটি পূরণ করা হবে।সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। যুক্তরাজ্য তাঁকে সুইডিশ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চাইছে। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে গোপন কূটনৈতিক নথির তথ্য ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে এবং সেই বিচারে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। এ কারণে সুইডেনের হাতে প্রত্যর্পণ ঠেকাতে অ্যাসাঞ্জ গত জুনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এরপর ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়।