অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছে ব্যান্ডদলটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রবাসী বাঙালি তরুণ-তরুণীদের একটি সংগঠনের আমন্ত্রণে তাঁরা সেখানে যাচ্ছেন বলে জানান এলআরবির দলপ্রধান আইয়ুব বাচ্চু। দুই দেশের তিনটি কনসার্টে অংশ নেবেন তাঁরা। আগামী ২৩ ও ৩১ অক্টোবর প্রথম দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে। শেষেরটি হবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৬ নভেম্বর। এলআরবি এ বছর সংগীতে ২০ বছর পার করেছে। সে কথা মনে রেখেই ‘টুয়েন্টি ইয়ারস সেলিব্রেশন অব এলআরবি’ শিরোনামের কনসার্টটির আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী বাঙালি তরুণ-তরুণীদের সংগঠনটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তিনটি কনসার্টের মাধ্যমে এ উৎসবটি পালন করবে তারা। এলআরবির দলনেতা ও ভোকাল আইয়ুব বাচ্চু বলেন, ‘অনেক দেশের কনসার্টে অংশ নিয়েছি। অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বার হলেও এবারই প্রথম নিউজিল্যান্ডে কনসার্ট করতে যাচ্ছি আমরা। নিউজিল্যান্ডে আমাদের এবারের সফরের মধ্য দিয়ে প্রথম কোনো বাংলাদেশি ব্যান্ডের সেখানে যাওয়া হচ্ছে।’ কনসার্ট শেষে এলআরবি ঢাকায় ফিরবে ঈদুল আজহার আগের দিন।