অস্ট্রেলিয়া বধের আসল সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি তো পেরেছে। থামিয়েছে অস্ট্রেলিয়ার জয়রথ। শ্রীলঙ্কা পারত কি না কে জানে। তবে পারার সব আয়োজন তারা করে ফেলেছিল। ফর্মুলটা আসলে বাতলে দিয়েছে ভারত; বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে। সেই ফর্মুলাই কাজে লাগিয়েছিল শ্রীলঙ্কা। ফর্মুলার নাম—টার্নিং উইকেট আর একগাদা স্পিনার!নব্বই দশকের শুরুর দিকে এই সূত্র মেনে দেশের মাটিতে অনেক টেস্ট জিতেছে ভারত। এত দূরই বা যেতে হবে কেন, ২০০৪ সালের সেই মুম্বাই টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে? ওই যে ভয়াবহ টার্নিং ট্র্যাকে মাইকেল ক্লার্ক পর্যন্ত ৯ রানে ৬ উইকেট নিয়ে নিলেন, পরে ১০৭ রান তাড়া করতে গিয়ে ৯৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিন-দুর্বলতা আর তাদের দলে ভালো কোনো স্পিনার না থাকা মিলিয়ে ওই ফর্মুলটাকেই মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে থামানোর সবচেয়ে কার্যকর উপায়। ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর প্রস্তুতি ম্যাচে যেটা করে দেখিয়েছে ভারত।২০০৪ মুম্বাই টেস্টের পর যেমন করেছিলেন, এবারও উইকেটের কড়া সমালোচনা করলেন পন্টিং। হ্যাঁ, এ ধরনের উইকেট হয়তো কিছুটা ‘আনস্পোর্টিং’ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে, যুদ্ধ আর ভালোবাসার ময়দানে সব ন্যায্য! আর অস্ট্রেলিয়ার দুর্বলতার সর্বোচ্চ পরীক্ষা তো প্রতিপক্ষরা নিতেই চাইবে।শ্রীলঙ্কা নিতে চাইছিলও। ম্যাচের আগের দিনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল তিন স্পিনার নিয়ে খেলবে স্বাগতিকেরা। হলোও তাই। সবচেয়ে বড় চমকটা অবশ্য দেখা গেল জেসন ক্রেজা বোলিংয়ে আসার পর। বল খুব বেশি টার্ন করাতে পারেন, এই দাবি ক্রেজা নিজেও করবেন না। কিন্তু কাল প্রথম ওভার থেকেই (ইনিংসের যেটা মাত্র ১৭তম ওভার) ‘মাইল খানেক’ টার্ন ও বাউন্স পেতে শুরু করলেন ক্রেজা। ইনিংসের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনও বাড়তে থাকল। শ্রীলঙ্কানদের তিন স্পিনার নেওয়ার উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল।শেষ পর্যন্ত খেলাটা হয়নি, কিন্তু হলে কী হতো—এই ভেবেই হয়তো বিচলিত হয়ে উঠলেন পন্টিং। আবারও ক্ষোভ ঝাড়লেন উইকেট নিয়ে, ‘ওরা পরিষ্কার জানত উইকেট কী হবে, এ জন্যই এতগুলো স্পিনার নিয়েছে একাদশে। এই মাঠে এর আগে যে উইকেটগুলোয় খেলা হয়েছিল, আজকের উইকেট ছিল তা থেকে পুরো আলাদা। আগের উইকেটগুলোয় কিছুটা হলেও ঘাসের ছোঁয়া ছিল, কিন্তু আজকের উইকেটটা তো স্রেফ রোলিং করা কাদা! ওয়ানডে উইকেট খেলার শুরুতে এত স্পিন করে না।’প্রেমাদাসার মাঠে ১১টি উইকেট আছে। এর আগের তিনটি ম্যাচ হয়েছে তিনটি ভিন্ন উইকেটে। এই ম্যাচের জন্য নতুন কোনো উইকেট বেছে নেওয়ার বদলে খেলানো হলো আগে ব্যবহূত উইকেটগুলোর একটিতে। কে না জানে এতে স্পিন ধরবে! শ্রীলঙ্কার চিন্তাভাবনা ছিল পরিষ্কার। নিজেরা আগে ব্যাটিং করলে পরে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেবেন স্পিনাররা। আর পরে ব্যাটিং করলে এই উইকেটে সুবিধা করতে পারবে না অস্ট্রেলিয়ার মূল শক্তি পেসাররা, আর উইকেট কাজে লাগানোর মতো স্পিনার তো নেই-ই। ব্যস!এবার অস্ট্রেলিয়াকে হারানোর এটাই মোক্ষম সূত্র। পন্টিং তাই যতই ক্ষোভ ঝাড়ুন, এমন ‘রোলিং করা কাদা’ তাঁদের জন্য আরও অপেক্ষা করছে। আর এসবের পরও যদি অস্ট্রেলিয়া আবার শিরোপা জেতে, তাহলে সেটা ওদের চেয়ে বেশি প্রাপ্য আর কারও নয়!