অস্ট্রেলিয়া যেন না জেতে!
ভাগ্যিস, রিকি পন্টিং প্রথম আলো পড়েন না। পড়লে এই শিরোনাম দেখে নির্ঘাত খুব চটে যেতেন। বেচারার এত সাধের বিশ্বকাপ, আর আমি কি না এমন অশুভ কামনা করছি! এত সাধের বিশ্বকাপ! কেন, এই বিশ্বকাপ রিকি পন্টিংয়ের জন্য এত সাধের হতে যাবে কেন? হলে হবে শচীন টেন্ডুলকারের। ক্রিকেট খেলে যা পাওয়া সম্ভব, বলতে গেলে সবই পেয়েছেন। শুধু এই একটা অতৃপ্তিই না দীর্ঘশ্বাস হয়ে আছে। যে দীর্ঘশ্বাসে কখনো কখনো উড়ে যেতে চায় রান আর সেঞ্চুরির স্তূপও।পন্টিংয়ের ঘটনা উল্টো। তাঁর কাছে বিশ্বকাপ অর্থই ফাইনাল। চারটি ফাইনাল খেলে জিতেছেন তিনটিতেই। সর্বশেষ দুটিতে আবার ছিলেন অধিনায়ক। বিশ্বকাপের কাছে আর কীই বা চাওয়ার আছে?আছে রে ভাই, আছে। এবারই বরং বিশ্বকাপটা পন্টিংয়ের কাছে সবচেয়ে বেশি প্রার্থিত। তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক হওয়ার অনন্য গৌরব ডাকছে হাতছানি দিয়ে। তবে এর চেয়েও জরুরি ব্যাপারস্যাপার জড়িয়ে এই বিশ্বকাপের সঙ্গে। পন্টিংয়ের বিশ্বকাপ-কীর্তি তো মনে পড়ছে গায়ে আরেকটি বিশ্বকাপের হাওয়া লাগল বলে। নইলে অস্ট্রেলিয়ানদের কাছে তাঁর পরিচয় এখন অন্য—‘অকম্মা ইংলিশ’দের কাছে তিনটি অ্যাশেজ বিসর্জন দেওয়ার খলনায়ক। পন্টিং এবারের বিশ্বকাপে এসেছেন সেই দুঃখকে চাপা দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে। আঙুলের ব্যথা-ট্যথার তোয়াক্কা পর্যন্ত করেননি। কোথায় পন্টিংয়ের প্রতি সহানুভূতি জাগবে, উল্টো তাঁর অমঙ্গল কামনা!কারণ তো আছেই। প্রথম কারণ তো অবশ্যই এটা যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে বাংলাদেশ তা জিতবে না। আহ্হা, ভুরু কুঁচকে ফেলছেন কেন? রসিকতাও বোঝেন না! মনে হচ্ছে, রসিকতা বললেও আবার অনেকে চটে যেতে পারেন। বাংলাদেশ এর আগে তিনটি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বড় কোনো আশা না নিয়েই। এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ ও দেশের মাটিতে খেলা মিলিয়ে আশার ফানুস উড়ছে চারপাশে। আমি রসিকতা বলছি, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জিতে ফেলতেও পারে—এমন তো বলতে শুনছি অনেককেই। এর চেয়েও আশ্চর্যের ব্যাপার, শোনার পর কেউ হাসছেও না। আশায় বসতি গড়ার পক্ষে সবচেয়ে বড় যুক্তি, কোয়ার্টার ফাইনালে উঠে গেলে তো আর মাত্র তিনটি ম্যাচ। যেকোনো কিছুই হয়ে যেতে পারে।তা পারে। তবে স্বপ্নচারীদের এটাও মনে রাখতে বলব যে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠাটা ‘পঙ্গুর গিরিলঙ্ঘন’ না হোক, সুস্থ দুই পায়ে পাহাড় ডিঙানোর মতো দুঃসাধ্য তো বটেই। তবে অসাধ্য অবশ্যই নয়। আশা তো আমরা করবই। আপনিও করুন, সাকিবদের সমর্থনে গলা ফাটিয়ে চিৎকার করুন, তবে বাস্তবতাটাও মনে রাখতে বলি। তা হলে আশাভঙ্গের বেদনাটা বুকে কম বাজবে। প্রতিক্রিয়াতে শালীনতা বজায় রাখাটাও সহজ হবে।অস্ট্রেলিয়ার অমঙ্গল কামনা করার আসল কারণটা এবার বলি। দলটির সঙ্গে কোনো শত্রুতা নেই। বরং ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধাই আছে। ক্রিকেট দেখার মজা তো ওরা কম দেয়নি। কিন্তু বিশ্বকাপের মজাটাই যে নষ্ট করে দিচ্ছে! ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা নিয়ে কত কাব্য! ওয়ানডে ক্রিকেট হওয়ার কথা আরও অনিশ্চিত। আর বিশ্বকাপ হলো সেই অনিশ্চয়তার চূড়ান্ত রূপে দেখা দেওয়ার রঙ্গমঞ্চ। সেখানে কোনো দল পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে গেলে সেটি নৈরাজ্য ছাড়া আর কি!ফেবারিটরা বিশ্বকাপ জেতে না—প্রায় প্রবাদে পরিণত হওয়া এই ধারণাটাকেও তো আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বকাপে ফেবারিট তকমাটা কোনো দলের গায়ে সেভাবে দেওয়া যায়নি। এর আগে ওয়ানডেই হয়েছিল মাত্র ১৮টি। কে ভালো কে খারাপ সেভাবে বোঝার সুযোগ হলো কোথায়! ১৯৭৫ বিশ্বকাপ জয় দিয়েই শুরু ওয়েস্ট ইন্ডিজের স্বপ্নযাত্রা। পরের বিশ্বকাপ আসতে আসতে ব্যাটসম্যানদের দুঃস্বপ্নে হানা দেওয়ার মতো সব ফাস্ট বোলার এল দলে। ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজই ছিল ফেবারিট। ফেবারিটরা জিতলও।১৯৯৬ পর্যন্ত সেটি ছিল ব্যতিক্রম। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয় রূপকথাকেও হার মানানোর মতো। পরের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থকও বোর্ডারের হাতে ট্রফির কথা ভাবার সাহস পায়নি। ১৯৯২ বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়াই গ্রুপ পর্বে মুখ থুবড়ে পড়ল। কারণ তারা ছিল অবিসংবাদিত ফেবারিট!১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার জয়ও রূপকথার কাছাকাছি। স্যার রিচার্ড হ্যাডলির মতো কেউ কেউ শ্রীলঙ্কাকে ‘ডার্ক হর্স’ বলেছিলেন, কিন্তু ফেবারিট বলার সাহস দেখাননি কেউই। পরের বিশ্বকাপটাও সেই ঐতিহ্য মেনেই এগোচ্ছিল। অস্ট্রেলিয়া ছিল হট ফেবারিট। অথচ একসময় অমোঘ মনে হচ্ছিল ১৯৯২ বিশ্বকাপের পরিণতি।১৯৯২ ঠিকই ফিরে এসেছিল। তবে অন্যভাবে। ১৯৯২ বিশ্বকাপে খাদের কিনারা থেকে ইমরানের ‘কোণঠাসা বাঘ’দের ঘুরে দাঁড়ানো ক্রিকেটের চির রোমান্টিক এক গল্প। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গল্পটাও তো অনেকটা তা-ই। সেই গল্প বাঁক নেওয়ার মুহূর্তটার প্রত্যক্ষদর্শী বলে দাবি করতেই পারি নিজেকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পরিস্থিতিটা এমন যে সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়াকে বাকি ৫টি ম্যাচই জিততে হবে। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড মাঠে দাঁড়িয়ে স্টিভ ওয়াহর কথা শুনছি। তিন-চারজন অস্ট্রেলিয়ান সাংবাদিকের প্রশ্নের তোড়ে একটু ফাঁক পেয়ে আমিও একটা প্রশ্ন করলাম। ১৯৯২ বিশ্বকাপে ফেবারিট হওয়ার চাপেই ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়া, এবারও কি একই ঘটনা ঘটল? স্টিভ ওয়াহর মুখটা এত দিন পরও পরিষ্কার চোখে ভাসে। মাথায় তেরছা করে বসানো ব্যাগি গ্রিন, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। প্রতিটি শব্দ আলাদা করে উচ্চারণ করে জবাব দিলেন, ‘কদিন পরই আপনি আমাকে অন্য প্রশ্ন করবেন।’এর পর থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ককে অন্য প্রশ্নই করতে হয়েছে। বিশ্বকাপে যে আর হারেইনি অস্ট্রেলিয়া! ১৯৯৯ বিশ্বকাপ জয়ে দুটি পরাজয়ের কলঙ্ক ছিল। পরের দুটি বিশ্বকাপে হলুদ ট্যাংকের নিচে পিষ্ট সব প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ার কারণে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত হয়ে গেছে ‘এক ইনিংসের ম্যাচ!’ আগে বোলিং করলে যেমন, আগে ব্যাটিং করলেও। লর্ডসের পর ওয়ান্ডারার্স, ওয়ান্ডারার্সের পর কেনসিংটন ওভাল—তিনটি ফাইনালেই প্রথম ইনিংস শেষেই সাংবাদিকেরা ম্যাচ রিপোর্ট শুরু করে দিতে পেরেছেন।বিশ্বকাপের ইতিহাসও বদলে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ছয়টি আসরে ভিন্ন পাঁচ চ্যাম্পিয়ন উপহার দিয়েছিল চঞ্চলা যে বিশ্বকাপ, সেটিকেই কেমন অঞ্চলে বেঁধে ফেলেছেন পন্টিংরা!এবার তা হলে অন্য কিছু হোক। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? ভারত? দক্ষিণ আফ্রিকা? ইংল্যান্ড? চাইলে শ্রীলঙ্কা-পাকিস্তানের ওপরও বাজি ধরতে পারেন। ধুর, পাকিস্তান কীভাবে? গত বছর দুয়েক পাকিস্তানের ক্রিকেটে যে ঘোর অমানিশা, তাতে কোয়ার্টার ফাইনাল নিয়েও তো সংশয় থাকা উচিত। অন্য কোনো দল হলে তা-ই থাকত। কিন্তু এমন পরিস্থিতিই যে পাকিস্তানি-বারুদে দিয়াশলাইয়ের কাঠি হয়ে যায়! এই বারুদ পাকিস্তানকে ফাইনালে নিয়ে যেতে পারে, আবার কোয়ার্টার ফাইনালের আগেই পুড়িয়ে নিঃশেষও করে দিতে পারে। পাকিস্তান যে অস্ট্রেলিয়ার বিপরীত। অস্ট্রেলিয়া মাঠে নামে অনিশ্চয়তা শব্দটা মুছে দিতে। পাকিস্তান সেটির গৌরবময়তার জয়গান গাইতে। বিশ্বকাপের স্বাগতিক হয়েও হতে না পারার দুঃখকেও শাপেবর মানতে পারে পাকিস্তান। স্বাগতিকেরা যে বিশ্বকাপ জেতে না! শ্রীলঙ্কার কথা বলবেন তো? ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কা স্বাগতিক ছিল নামেই। দেশে খেলাই ছিল মাত্র ৪টি। বোমার ভয়ে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ খেলতে যায়নি বলে স্বভূমে শুধু কেনিয়া ও জিম্বাবুয়ের সঙ্গে সবচেয়ে সহজ দুটি ম্যাচই খেলেছিল শ্রীলঙ্কা।ক্রিকেটবোদ্ধাদের বেশির ভাগ দেখছি অস্ট্রেলিয়ার রাজত্ব অবসানে ভারতকে ‘বাজির ঘোড়া’ ধরছেন। এঁদের মধ্যে সাবেক ক্রিকেটারই বেশি। বেশির ভাগ যে তা বলছেন ভারতে এসে, এর একটা ভিন্ন তাৎপর্য কেউ খুঁজে পেতেও পারেন। ভারত অনেক দিনই ক্রিকেট-বাণিজ্যের রাজধানী। আইপিএল আসার পর তো ‘মধুর চাক’। ভারতীয় ক্রিকেটকে কে না খুশি রাখতে চায়!তবে ভারতকে ফেবারিট বলার পেছনে এটাকেই কারণ দেখবেন শুধু নিন্দুকেরাই। আইপিএল ক্রিকেটে ভালো করেছে না মন্দ, এ নিয়ে বিতর্ক অবশ্যই থাকবে। তবে বাকি ক্রিকেট-বিশ্বের ঈর্ষা হয়ে থাকা আইপিএল যে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকার কথা নয়। ধোনির দল ছোট বিশ্বকাপ জিতেছে, বড় বিশ্বকাপ জেতার ক্ষমতাও অবশ্যই আছে। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। বোলিং নিয়ে যা একটু প্রশ্ন আছে, স্পিনারদের ক্ষমতা আছে তা মুছে দেওয়ার। তবে স্বাগতিক হওয়াটা ভারতের জন্য ভালো না মন্দ, এ প্রশ্ন উঠতেই পারে। প্রত্যাশার চাপই এই বিশ্বকাপে ভারতের আসল প্রতিপক্ষ।‘চাপ’ শব্দটাতে অবশ্য দক্ষিণ আফ্রিকা প্রায় একক অধিকার প্রতিষ্ঠা করে ফেলেছে। তবে মাঝেমধ্যেই মনে হয়, একসময় তো সবকিছুরই শেষ হয়। দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ হয়ে থাকার গল্পও নিশ্চয়ই একদিন ফুরোবে। সেটি কি এই বিশ্বকাপেই?