অস্ট্রেলিয়া সাবধান শেবাগ আছে!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ভারতীয় শিবিরে ফিরিয়ে দিয়েছে স্বস্তির সুবাতাস। তা তো দেবেই। এর আগ পর্যন্ত টুর্নামেন্টে তাদের তিনটি জয় ছিল। তিনটাই বাংলাদেশ, আয়ারল্যান্ড আর হল্যান্ডের বিপক্ষে। কোয়ার্টার ফাইনাল খেলতে মানসিকভাবে চাঙা হয়ে উঠতে এমন একটা জয়ই দরকার ছিল তাদের। আহমেদাবাদে পৌঁছানো মহেন্দ্র সিং ধোনির দলকেও দেখাচ্ছে আত্মবিশ্বাসে টইটম্বুর। ভারতের এই চনমনে ভাবটা অস্ট্রেলিয়ার জন্য নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ। পন্টিংদের জন্য আরেক দুশ্চিন্তার নাম বীরেন্দর শেবাগ। হালকা চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেললেও আজ কোয়ার্টার ফাইনালে অবশ্যই খেলবেন এই বিপজ্জনক ওপেনার। ওয়েবসাইট।ওপেনার হিসেবে শেবাগ কেমন, অস্ট্রেলিয়া অধিনায়ক পন্টিংয়ের সেটা অজানা নেই। পন্টিংয়ের দুশ্চিন্তা নিশ্চিতভাবেই বাড়িয়ে দিয়ে থাকবে এই বিশ্বকাপে শেবাগের ব্যাট। পাঁচ ম্যাচ খেলেই শেবাগ টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে। করেছেন ৬৫.৪০ গড়ে ৩২৭ রান। স্ট্রাইক রেট যথারীতি ‘শেবাগীয়’, শীর্ষ রান-সংগ্রাহকদের তালিকার সর্বোচ্চ—১২৫.২৮!শেবাগ ফিরছেন। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলের একজনকে ছিটকে পড়তে হবে। সুরেশ রায়না কিংবা ইউসুফ পাঠান দুজনের একজনকে দর্শক হয়ে যেতে হবে।