অস্ট্রেলিয়ার টিভিতে মাহফুজের ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ আহমেদের নতুন ধারাবাহিক দেখা যাবে অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এসবিএসে। নাটকের নাম মাগো তোমার জন্য। মাহফুজ আহমেদ জানান, এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলে ধারাবাহিকটি প্রচারের ব্যবস্থা করবে এসবিএস। বাংলাদেশের দর্শকেরা সেপ্টেম্বর থেকে নাটকটি দেখতে পাবেন এটিএন বাংলায়। ২০০৮ সালে মাহফুজ আহমেদ তৈরি করেন ধারাবাহিক নাটক তোমার দোয়ায় ভালো আছি মা। সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় পুরুষ শ্রমিকেরা কীভাবে যায়, প্রতারিত হয়, শেষে সব হারিয়ে দেশে ফিরে—এটা ছিল তোমার দোয়ায় ভালো আছি মা নাটকের ভাবনা। এবারে তিনি তৈরি করছেন এই ধারাবাহিকের সিকুয়াল মাগো তোমার জন্য। গল্পে পুরুষ শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়েছেন নারী শ্রমিকেরাও। জুলাই মাসে নাটকটির শুটিং হবে কাতার, দুবাই ও মালয়েশিয়ায়। মাহফুজ আহমেদের গল্পের ওপর ভিত্তি করে নাট্যরূপ দিচ্ছেন প্রসূন রহমান। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলে প্রচারের ব্যাপারে নাটকটির প্রযোজক ও পরিচালক মাহফুজ আহমেদ বলেন, ‘আমাদের জনশক্তি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, তা সবাইকে জানাতে চাই।’