অস্ট্রেলিয়ার পতাকায় থুথু দিল ক্ষুব্ধ আদিবাসীরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সংবাদমাধ্যমের শিরোনাম হলেন অস্ট্রেলিয়ার আদিবাসীরা। আজ শুক্রবার একদল আদিবাসী বিক্ষোভ করতে করতে দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়। এরপর তারা দেশটির জাতীয় পতাকায় থুথু নিক্ষেপ করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। গতকাল রাজধানী ক্যানবেরার একটি রেস্তোরাঁয় আদিবাসীদের তোপের মুখে পড়লে নিরাপত্তারক্ষীদের তত্পরতায় কোনো রকমে পালিয়ে বাঁচেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট।কয়েকজন আদিবাসী নেতার বরাত দিয়ে আজ সিএনএন জানায়, আদিবাসীদের এ রকম বিপজ্জনকভাবে শক্তি প্রয়োগের চেষ্টা তাদের সমস্যা মেটাতে সহায়ক হবে না। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, পার্লামেন্ট ভবনের বাইরে একদল আদিবাসী দেশটির জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দিচ্ছে আর স্লোগানের তালে তালে বলছিল—অস্ট্রেলিয়া সব সময় আদিবাসীদের ছিল এবং আদিবাসীদেরই থাকবে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্লোগানের নেতৃত্বে থাকা একজন আদিবাসী নেতা বলছিলেন, ‘এই দেশের মালিক কে? সমবেত আদিবাসীরা তখন চিত্কার করে বলছিলেন, “আমরা আমরা”।’

স্থানীয় আদিবাসী ও অস্ট্রেলীয়দের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে কাজ করছে এমন একটি সংগঠন ‘রিকন্সিলিয়েশন অস্ট্রেলিয়া’র কো-চেয়ারম্যান টম কালমা বলেছেন, আদিবাসীদের এ ধরনের তত্পরতা অপ্রত্যাশিত এবং জাতীয় পতাকা পোড়ানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে দেশটির পুলিশের একজন নারী মুখপাত্র বলেন, ক্যানবেরায় জাতীয় পতাকা পোড়ানোটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে না।অস্ট্রেলিয়ায় বহুদিন ধরে আদিবাসীরা তাদের ভূমি ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ‘টেন্ট অ্যামবেসি’ খ্যাত এই আন্দোলন করে আসছে। কিছুদিন আগে দেশটির বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে স্থাপিত আদিবাসীদের টেন্ট অ্যামবেসি সরিয়ে ফেলার আহ্বান জানালে আদিবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানায়, গতকাল ছিল দেশটির জাতীয় দিবস। এ উপলক্ষে রাজধানী ক্যানবেরায় জরুরি সেবাদানকারী কর্মীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পদক বিতরণ করছিলেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টনি অ্যাবোট। গিলার্ড ও অ্যাবোটকে একসঙ্গে পেয়ে আদিবাসীরা ওই রেস্তোরাঁ ঘিরে ফেলে এবং দুই নেতাকে লক্ষ্য করে আদিবাসীরা ‘লজ্জা’ ও ‘বর্ণবাদী’ বলে স্লোগান দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে দেহরক্ষী ও পুলিশের নিরাপত্তাবলয়ের ভেতর দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন গিলার্ড ও অ্যাবোট। ১৯৭২ সালে তত্কালীন প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহনের সময় কয়েকজন অস্ট্রেলীয় আদিবাসী নেতা দেশটির পুরোনো পার্লামেন্ট প্রাঙ্গণে আদিবাসীদের ভূমি ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ‘অ্যাবোরিজিনাল টেন্ট অ্যামবেসি’ স্থাপন করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকালের ঘটনার সময় গিলার্ডের চোখে-মুখে ভয়ের ছাপ লক্ষ করা গেছে। ছবিতে দেখা যায়, অন্তত সাতজন নিরাপত্তারক্ষীর বলয়ে গিলার্ড একটি সাদা গাড়িতে গিয়ে ওঠেন। তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে গিয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে যান এবং একটি জুতা হারিয়ে ফেলেন। ভিডিওচিত্রে এ সময় কয়েকজন আদিবাসী গিলার্ডকে লক্ষ্য করে চিত্কার করে বলছিলেন ‘ধিক তোমাকে’ (শেম অন ইউ)।এদিকে গিলার্ডের হারিয়ে যাওয়া ওই জুতা আদিবাসীরা পেয়েছে। তারা জুতাটিকে তাদের ‘ট্রফি’ বলে ঘোষণা করে। কিন্তু বিষয়টিতে কিছু আদিবাসী নেতা খুব একটা খুশি হননি। অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশনে কর্মরত আদিবাসীদের একজন কমিশনার মিক গুডার বলেন, ‘তাদের ব্যবহার খুব দুঃখজনক।’অস্ট্রেলিয়ার একটি জাতীয় দৈনিক বলেছে, ‘টেন্ট অ্যামবেসি সংরক্ষণে আদিবাসীদেরকে শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে আন্দোলন করা উচিত। কিন্তু গতকালের ঘটনা তাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করল।’পুলিশ বলেছে, গতকালের ঘটনায় কোনো আদিবাসীকে গ্রেপ্তার করা হয়নি। তবে বিক্ষোভকারী আদিবাসী ও পুলিশের মধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে।আদিবাসীদের টেন্ট অ্যামবেসি-সংক্রান্ত একজন মুখপাত্র মার্ক ম্যাকমারট্রি জানান, অ্যাবোটের মন্তব্য ও পুলিশের আচরণে আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অবশ্য তিনি বলেন, আদিবাসীদের কাছ থেকে কোনো হুমকির আশঙ্কা নেই।তবে অস্ট্রেলিয়ায় ব্রিটিশ বসতি স্থাপনের পর থেকে স্থানীয় আদিবাসীরা উপেক্ষিত হয়ে আসছে। দেশটির অনেক রাজনীতিবিদ অতীতের দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু অন্য নাগরিকদের চেয়ে আদিবাসীরা এখনো সামাজিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। ইতিমধ্যে গিলার্ড সরকার আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি দিয়েছে।