অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ক্রেডিট কার্ড জালিয়াতি
অস্ট্রেলিয়ার ইতিহাসে ক্রেডিট কার্ডের তথ্য চুরির সবচেয়ে বড় ঘটনায় রোমানিয়ার সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলীয় পুলিশ। ক্রেডিট কার্ডের তথ্য চুরির মাধ্যমে প্রায় তিন কোটি ১০ লাখ ডলার আত্মসাতের পরিকল্পনা করেছিল আন্তর্জাতিক একটি অপরাধী চক্র। তাদের কাছে প্রায় পাঁচ লাখ অস্ট্রেলীয়র ক্রেডিট কার্ডের তথ্য ছিল বলে জানিয়েছে ওই দেশের ফেডারেল পুলিশ। ১৪টি দেশে অবৈধভাবে এই অর্থ লেনদেন হতো বলে জানা গেছে আন্তর্জাতিক একটি অপরাধ তদন্তের মাধ্যমে। খবর সিএনএনের।গ্রেপ্তার হওয়া ওই সাতজনের মধ্যে আছেন গ্রেকো-রোমান হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়ন জর্জ ইগনাট। ‘অপারেশন লিনো’ নামের এক বছরব্যাপী তদন্তে ধরা পড়ে এই ক্রেডিট কার্ড জালিয়াত চক্র। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রথমে আমরা ব্যাংকগুলোর কাছ থেকে এই জালিয়াতি সম্পর্কে শুনেছিলাম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, এর সঙ্গে রোমানিয়ার একটি চক্র জড়িত। তারপর আমরা রোমানীয় পুলিশের কাছে এ বিষয়ে প্রমাণাদি উপস্থাপন করি এবং তার ভিত্তিতে সেখানে তদন্ত শুরু হয়।’ ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের খপ্পরে পড়ে ক্ষতির শিকার হয়েছে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, সার্ভিস স্টেশন, পেট্রলস্টেশন ও কর্নার স্টোরগুলো। ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে জাল ক্রেডিট কার্ড বানিয়ে টাকা আত্মসাত্ করত জালিয়াত চক্রটি। এসব কার্ড যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও ইউরোপের বেশ কিছু দেশে ব্যবহার করা হতো।২০১১ সালে অস্ট্রেলিয়ার ব্যাংকগুলোতে প্রায় ১০ লাখ ভুয়া ব্যাংক কার্ডের অভিযোগ জমা পড়েছিল। বর্তমানে ব্যাংকিংয়ের অনেক কিছুই অনলাইন সেবার আওতায় চলে আসায় এ ধরনের অপরাধের পরিমাণ বাড়ছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল নিকোলা রক্স। তিনি বলেছেন, ‘আমরা এখন শুধুই প্রহরী আর বড় বড় নিরাপত্তাদ্বার দিয়ে সুরক্ষিত নই। আমরা এখন একটা অনলাইন পরিবেশে কাজ করছি। আর এটা একদিকে যেমন অনেক সুযোগ সৃষ্টি করেছে, তেমনি অনেক ক্ষেত্রে হুমকিও হয়ে উঠেছে।’