অস্ট্রেলিয়ায় আদিবাসীদের আত্মহত্যা বাড়ায় সরকার উদ্বিগ্ন
অস্ট্রেলিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। তাদের এ প্রবণতা ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ায় দুর্গম ও জনবসতি বিরল বিশাল এলাকা কিম্বার্লিতে বসবাসরত আদিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। সম্প্রতি এক হিসাবে দেখা গেছে, একজন সাধারণ অস্ট্রেলীয় নাগরিকের চেয়ে একজন আদিবাসীর আত্মহত্যার হার প্রায় চার গুণ বেশি। এদের মধ্যে তরুণ আদিবাসীরাই সবচেয়ে বেশি আত্মহত্যাপ্রবণ।অস্ট্রেলীয় সরকার এ ব্যাপারে আগামী জুলাই মাসে একটি বিশেষ বৈঠক ডেকেছে। এ বৈঠকে রাজনীতিক, সমাজসেবক ও অন্য সুশীল ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার দুর্গম কিম্বার্লি অঞ্চলের আদিবাসীরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে থাকে। সেখানে সপ্তাহে গড়ে অন্তত একজন আদিবাসী আত্মহত্যা করে। আদিবাসী নেতারা মনে করছেন, এভাবে আত্মহত্যা চলতে থাকলে অচিরেই গোষ্ঠীগুলো বিলুপ্ত হয়ে যাবে। আদিবাসীদের বিভিন্ন সংগঠনও সরকারের কাছে এ প্রবণতা ঠেকাতে সহায়তা চেয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়া অঞ্চলে আদিবাসীদের মধ্যে যাদের বয়স ৩০-এর নিচে, আত্মহত্যার প্রবণতাটা তাদের মধ্যেই সবচেয়ে বেশি। তবে তারা কেন আত্মহত্যা করে, সে ব্যাপারে পরিষ্কার কোনো কারণ জানা যায়নি।অনেক আদিবাসী বিভিন্ন মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হয়। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকা ও মূলস্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার কারণে তাদের মধ্যে ভয়াবহ হতাশা দেখা দেয়। এ ছাড়া সুযোগ-সুবিধার অভাব, বৈষম্য ইত্যাদি কারণে আদিবাসীরা আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। আদিবাসীরা যে অঞ্চলে বাস করে, সেখানকার ভূপ্রকৃতিগত কারণে কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ অনেক কম। বিবিসি।এদিকে অস্ট্রেলীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আদিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার ব্যাপারটি সত্যিই উদ্বেগের। এ ব্যাপারে সরকার জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, আদিবাসী সহায়তা তহবিল, আদিবাসী পরিমণ্ডলে মনোরোগ-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা বৃদ্ধি এবং তাদের প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বৃদ্ধি।