অস্ট্রেলিয়ায় খুঁত দেখছেন চ্যাপেল
গত দুটো বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছিল অজেয়, খুঁতহীন। এবারের দলটি কেমন? সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল তাঁর জহুরি চোখ দিয়ে বলছেন, হ্যাঁ, দলটিতে খুঁত আছে। কিন্তু তার মানে এই নয়, এই দল শিরোপা জয়ের যোগ্য নয়। ‘অস্ট্রেলিয়ার এই দলটিতে খুঁত আছে। তবে সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে তাদের।’ বলেছেন ক্রিকেটের বিখ্যাত তিন চ্যাপেল ভাইদের বড়জন।আর যদি সেমিফাইনালে উঠেই যায়, চ্যাপেল জোর দিয়ে বলছেন, চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আবার হাতে তুলে নিতে পারে ট্রফিটিও, ‘ওই পর্যায়ে গেলে তখন তারা শিরোপাও জিততে পারে। তবে সে জন্য তাদের সেরা খেলাটা খেলতে হবে।’ আরও চারটি টেস্ট খেলুড়ে দেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন চ্যাপেল, ‘আমার ধারণা, পাঁচটি দলের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ড।’এই পাঁচ দলের মধ্যে যদি একটিকে বেছে নিতে হয়, কার বাক্সে যাবে চ্যাপেলের ভোট? ভারত। চ্যাপেলের চোখে ভারতের ব্যাটিং লাইনআপ ‘ভয়ংকর’। বলেছেন, ‘আমি মনে করি, নিজেদের সবচেয়ে ফেবারিট দাবি তারা করতেই পারে।’আচমকা অঘটনে বড় দলগুলো যাতে টুর্নামেন্ট থেকে ছিটকে না পড়ে, সেদিকে দৃষ্টি রেখেই টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। ভারতসহ অনেক বড় দলই এই ফরম্যাটে সন্তুষ্ট। কিন্তু ইয়ান চ্যাপেল মহাবিরক্ত। তাঁর বিরক্তির কারণ, এতে ছোট দলগুলোরও ম্যাচ ছয়টি করে! যেটি টুর্নামেন্টটিকে দীর্ঘ এবং বিরক্তিকর করে তুলছে বলে মনে করেন তিনি। ওয়েবসাইট।