অস্ট্রেলিয়ায় প্যাটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে আইনি লড়াইয়ে জয় পেয়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এর ফলে আগামী শুক্রবার থেকেই অস্ট্রেলিয়ায় বন্ধ হয়ে যাওয়া গ্যালাক্সি ট্যাবের বিক্রি শুরু করতে পারবে স্যামসাং।গত অক্টোবরে গ্যালাক্সি ট্যাবের কিছু ফিচারের প্যাটেন্ট অধিকার নিয়ে অ্যাপলের মামলার মুখে অস্ট্রেলিয়ার একটি ফেডারেল আদালত সে দেশে গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ ১০.১-এর বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।তবে আজ আরেকটি ফেডারেল আদালত সর্বসম্মতিক্রমে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দেন। তবে রায়ে আগামী শুক্রবার পর্যন্ত গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবত্ রাখা হয়েছে।অস্ট্রেলিয়ায় স্যামসাংয়ের এই আইনি বিজয়কে তাদের ট্যাবলেট কম্পিউটার বিক্রির জন্য স্বস্তিদায়ক হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, এর ফলে গ্যালাক্সি ট্যাব বিক্রির ক্ষেত্রে ও অন্যান্য দেশে অ্যাপলের সঙ্গে আইনি লড়াইয়ের ক্ষেত্রে স্যামসাং বাড়তি সুবিধা পাবে। ট্যাবলেট পিসির বাজারে এ মুহূর্তে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হয় স্যামসাংকে। বাজার বিবেচনায় স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব অ্যাপলের আইপ্যাডের জন্য কেবল প্রতিদ্বন্দ্বীই নয়, একে বড় ধরনের হুমকিও মনে করা হচ্ছে।এদিকে জানা গেছে, সম্প্রতি অ্যাপল একই ধরনের একটি মামলা জার্মানিতেও দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্স।