অস্ট্রেলিয়ায় ১৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল
শর্ত ভঙ্গের অভিযোগে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৫ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে।দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর ভিসা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৬৬ জনের ভিসা বাতিল করা হয়েছে। দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, ফেল করায় এবং ক্লাস ফাঁকি দেওয়ায় প্রায় তিন হাজার ৬২৪ জন শিক্ষার্থী অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হচ্ছে।এ ছাড়া যেসব শিক্ষার্থী তাঁদের মূল পাঠ্য বিষয় ছেড়ে পতিতাবৃত্তিসহ অবৈধ কাজ করেছেন, এমন দুই হাজার ২৩৫ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। গত জুনে অস্ট্রেলিয়ায় তিন লাখ ৩২ হাজার ৭০৯ জন বিদেশি শিক্ষার্থী ছিল। এর মধ্যে অর্ধেকেরও বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং এক-তৃতীয়াংশ কারিগরি প্রশিক্ষণ ভিসায় ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিল। ওই প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের এ পদক্ষেপে ভারতীয় শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী এই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় বাস করতেন।দেশটির অভিবাসন বিভাগের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আবেদন না করায় গত বছর আট হাজার ৩০৯ জন শিক্ষার্থী অবৈধ হয়ে গেছে।অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ আট ধরনের শিক্ষার্থী ভিসা দিয়ে থাকে। এর মধ্যে কারিগরি প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়, ইংরেজি ভাষা অথবা স্কুলশিক্ষার ভিসা রয়েছে।