অস্তিত্ব প্রমাণে নতুন নতুন সাইনবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) প্রকল্পের টাকা অস্তিত্বহীন সংগঠনের নামে বরাদ্দ দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। আশিয়া কমলাপাড়ার সেই অস্তিত্বহীন ‘আশিয়া লোকনাথ মন্দির’-এর অস্তিত্ব প্রমাণে পুরোনো একটি বিগ্রহবাড়িতে (মন্দিরে) ‘আশিয়া সার্ব্বজনীন লোকনাথ ধাম’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন ইউনিয়নে অস্তিত্বহীন কিংবা নামসর্বস্ব সংগঠনের নামে আগেই বরাদ্দ দেওয়া টিআরের কাগজপত্র সংশোধন করে এবং নতুন নতুন সাইনবোর্ড টাঙিয়ে অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলছে। তবে তড়িঘড়ি এ কাজ করতে গিয়ে বরাদ্দের কাগজে উল্লেখ করা নামের সঙ্গে নতুন টাঙানো সাইনবোর্ডের নামে গরমিল হচ্ছে। প্রথম আলোতে ১১ নভেম্বর ‘টিআরের নামে ত্রিমুখী প্রতারণা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয়েছিল, নাজিম উদ্দিন নামে একজনকে মন্দির কমিটির সভাপতি উল্লেখ করে ‘আশিয়া লোকনাথ মন্দির’-এর নামে টিআরের বরাদ্দ তোলা হয়। কমিটির বাকি সব সদস্যই ছিল মুসলমান। সরেজমিনে দেখা গেছে, আশিয়ার কমলাপাড়ায় পূর্বাশা পরিষদ নামের একটি ক্লাব পরিচালিত একটি বিগ্রহবাড়ির নির্মাণাধীন ভবনের পিলারে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। তাতে লেখা, ‘আশিয়া সার্ব্বজনীন লোকনাথ ধাম’। প্রতিষ্ঠাকাল ২০০৮ সাল। সেখানকার লোকজন বলছেন, এই নামে কোনো মন্দির এখানে ছিল না। অক্টোবরের প্রথম সপ্তাহে দুই দফা প্রথম আলো থেকে সরেজমিনে গিয়েও সেখানে কোনো লোকনাথ ধাম বা মন্দিরের হদিস পাওয়া যায়নি।বিগ্রহবাড়িটি গড়ে উঠছে স্থানীয় বাসিন্দা দোলন মল্লিকদের উঠানে। দোলন মল্লিক বলেন, ‘কয়েকদিন আগে লোকনাথ মন্দিরের সাইনবোর্ড লাগানো হয়েছে। এখনো পূজা-অর্চনা শুরু হয়নি।’ বিগ্রহবাড়ি পরিচালনা কমিটির সভাপতি আশীষ দত্ত বলেন, ‘আমাদের বিগ্রহবাড়ি পুরোনো। লোকনাথ মন্দিরের সাইনবোর্ড কয়েকদিন আগে লাগানো হয়েছে। আস্তে আস্তে মন্দির করা হবে।’যদি আগে থেকেই মন্দির থাকে, তাহলে টিআর বরাদ্দের আবেদনপত্রে কমিটির সবাইকে কেন মুসলিম সম্প্রদায়ের দেখানো হল, এমন প্রশ্নের জবাবে আশীষ দত্ত বলেন, ‘ওটা ভুল হয়েছিল। আমরা উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে নতুন করে আবেদন জমা দিয়েছি। আপনারা লিখেছেন বলেই এখন আমরা টাকাটা পাচ্ছি।’ লোকনাথ মন্দিরের নামে টিআর বরাদ্দ বিতরণ হয় গত জুন মাসে। কিন্তু প্রথম আলোয় খবর প্রকাশের পর কয়েকদিন আগে তাঁদের টাকা দেওয়া হয় বলে আশীষ দত্ত জানান।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী বলেন, ‘আমি এগুলোর ধারেকাছেও নেই। তবে কোনো কোনো জায়গায় প্রতিষ্ঠান ছিল কিন্তু সাইনবোর্ড ছিল না। এখন হয়তো সাইনবোর্ড লাগানো হচ্ছে। তাদের টিআরও দেওয়া হচ্ছে।’একইভাবে ধলঘাট আলামপুর শ্রীশ্রী বাসন্তী বিগ্রহবাড়ি ও লোকনাথ মন্দিরের নির্মাণাধীন ভবনেও ‘পল্লী মঙ্গল সমিতি’ নামে গত সপ্তাহে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। এখানে এই নামে কোনো সংগঠন না থাকলেও পল্লিমঙ্গল সমিতির নামে টিআর বরাদ্দ দেওয়া হয়। কাগজপত্রে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে যিনি টিআর তুলেছেন তাঁর নাম রণজিত দাশ। রণজিত দাশ নামে এই ওয়ার্ডের সাবেক এক ইউপি সদস্য রয়েছেন। কিন্তু তাঁর পিতার নামের সঙ্গে টিআর উত্তোলনের কাগজে উল্লিখিত ব্যক্তির পিতার নাম মেলেনি। জানা গেছে, নতুনভাবে পল্লিমঙ্গল সমিতির সভাপতি করা হয়েছে প্রদীপ হোড় নামে এক ব্যক্তিকে। সাবেক ইউপি সদস্য রণজিত দাশ বলেন, ‘এখানে পল্লিমঙ্গল সমিতি নামে কোনো সংগঠন অতীতেও ছিল না, বর্তমানেও নেই। আর ওখানে যদি আমার নাম ব্যবহার করা হয়, তাহলে ওই টাকা তুলে তাঁরা খেয়ে ফেলেছেন। এখন সাইনবোর্ড লাগিয়ে তা জায়েজ করার চেষ্টা করা হচ্ছে।’ একই কথা বললেন বর্তমান ইউপি সদস্য অসিত দাশ। বাসন্তী বাড়ি ও লোকনাথ মন্দির কমিটি সংশ্লিষ্ট যীশু দে বলেন, পল্লিমঙ্গল সমিতির সাইনবোর্ডটি তোলা হয়েছে কয়েকদিন আগে। শোভনদণ্ডী লাওয়ারখিল জামে মসজিদের নামে ২০০৯-১০ অর্থবছরের টিআর বাবদ সাড়ে তিন টন গমের টাকা উত্তোলন করা হলেও তা মসজিদ কমিটি পায়নি। কয়েকদিন আগে ওই মসজিদটি পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তিমির বরণ চৌধুরী। তাঁরা বরাদ্দ করা টিআরের টাকা দেওয়ার আশ্বাস দেন বলে জানান মসজিদ কমিটির সভাপতি আবদুল আজিজের ছেলে মো. ইদ্রিস। বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আশিয়াতে একটা পুরোনো মন্দির ছিল। তার পাশে লোকনাথ মন্দির তারা করবে বলছে। টিআরের টাকা তাদের হাতে দেওয়া হয়েছে। অন্যান্য স্থানে সাইনবোর্ড লাগানোর বিষয়ে আমার জানা নেই।’ ইউএনও মো. আবুল হোসেন বলেন, ‘আমাকে একটি নির্মাণাধীন মন্দিরের ছবি দেখানো হয়েছে। আগে লোকনাথ মন্দির না থাকলেও এখন যেহেতু সাইনবোর্ড লাগিয়েছে, তাতে বোঝা যায় মন্দির প্রতিষ্ঠায় তাঁদের সম্মতি আছে।’