অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জে মরক্কোর রাজতন্ত্র
রাজনৈতিক সংস্কারের দাবিতে আজ রোববার মরক্কোর রাজপথে নামবে বিক্ষুব্ধ জনতার ঢল। এ বিক্ষোভে যোগ দিতে পারে দেশটির কয়েকটি ট্রেড ইউনিয়ন। আর তাতে নড়ে উঠতে পারে মরক্কোর রাজতন্ত্রের ভীত। দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক করে বলেছে, মে দিবসের এ বিক্ষোভ মিসরীয় কায়দায় মরক্কোতেও বিপ্লবের জন্ম দিতে পারে। বিশ্লেষকেরা বলছেন, আজকের বিক্ষোভে প্রথমবারের মতো ট্রেড ইউনিয়নের অংশগ্রহণ রাজতন্ত্রকে পতনের দিকে নিয়ে যেতে পারে। কেননা, একই ঘটনা ঘটেছিল তিউনিসিয়াতেও। সেখানকার ট্রেড ইউনিয়নের নেতারা বেন আলী-বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার পরই তাঁর পতন ঘটেছিল। কয়েক দিন আগে দেশটির পর্যটন নগর মারাকেসের একটি ক্যাফেতে বোমা হামলা এবং আজকের বিক্ষোভকে কেন্দ্র করে মরক্কোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভের আয়োজক ফেব্রুয়ারি টুয়েন্টি মুভমেন্টের নেতারা জানিয়েছেন, তাঁদেরকে কেউ দমাতে পারবে না। বিক্ষোভ প্রশমনে ইতিমধ্যেই মরক্কোর রাজা মোহাম্মদ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি মে দিবসের মধ্যেই বাড়ানোর কথাও বলেছেন তিনি।রাজার এ ঘোষণা ট্রেড ইউনিয়ন নেতাদের আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি দুর্বল করে দিতে পারে বলে অনেকেই মনে করছেন।বিশ্লেষকেরাও বলছেন, মরক্কোতে সামাজিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রেড ইউনিয়নের সঙ্গে রাজার সমঝোতা ছাড়া আজকের বিক্ষোভ মরক্কো সরকারের পতন ডেকে আনতে পারে।পাশাপাশি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মরক্কোর রাজা মোহাম্মদ সংবিধান সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং রাজবন্দীদের মুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া মরক্কোর কর্তৃপক্ষ চেষ্টা করছে, আন্দোলনকারী গোষ্ঠীগুলোকে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে।