অস্তিত্বসংকটে মংলার খাল
রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী মংলার খাল সংস্কার ও খনন না করায় এর অস্তিত্ব সংকটে পড়েছে। খালটির এ অবস্থার কারণে বর্ষা ও শুকনো মৌসুমে চাষাবাদ নিয়ে লোকজনকে সমস্যায় পড়তে হয়।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৮ সালে উপজেলার গণিপুর ইউনিয়নের লাউপাড়া থেকে বাসুপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন করা হয়। পরে খালের মুখে লাউপাড়ায় একটি স্লুইসগেট স্থাপন করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। স্লুইচগেটটি স্থাপনের উদ্দেশ্য ছিল, বারানই নদী থেকে প্রয়োজন মতো খালে পানি ঢোকানো ও বের করা। খাল খননের ফলে বর্ষা মৌসুমে বাসুপাড়া, গণিপুর ও শুভডাঙ্গা ইউনিয়নের নিচু এলাকার পানি এখানে এসে জমা হতো। খালে পানি থাকায় শুকনো মৌসুমে যেমন ফসলহানি হয় না, তেমনি বন্যা হলেও পানি দ্রুত খালে চলে যাওয়ায় ফসলের কোনো ক্ষতি হয় না। এ ছাড়া খালে বিভিন্ন দেশীয় জাতের মাছ পাওয়া যেত। দীর্ঘদিন খাল খনন না করায় অনেক স্থানে মাটি ভরাট করে গেছে। সেসব স্থানে এখন চাষাবাদ করে একশ্রেণীর অবৈধ দখলদার।মংলার খালের অনেক স্থান দখলদারেরা মাটি দিয়ে ভরাট করেছে। স্থানীয় সেকেন্দার, আবদুল খালেক, আমজাদ, আফজাল, লায়েব আলীসহ কয়েক ব্যক্তি খালের অনেক অংশ দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা বোরো মৌসুমে সেখানে চাষাবাদ করে থাকেন। আমজাদ হোসেন নামের এক দখলদার জানান, তাঁর জমির পাশ দিয়ে খালটি গেছে। পানি না থাকায় সেখানে মাটি কেটে সমান করে বোরো চাষ করছেন। তবে কেউ নিষেধ করলে তা করবেন না বলে তিনি জানান। আমজাদ হোসেন জানান, তাঁর মতো আরও অনেকে খালে মাটি ভরাট করে চাষাবাদ করছেন। একই রকম কথা বলেছেন আফজালসহ অনেকে।এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মংলার খাল দিয়ে পানি চলে যায় দুবিলা, খরচাকা,সোনাবিলা ও বড়বিলা খালে। ফলে ওই সব খালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের চাষাবাদ করা সহজ হয়েছে।গণিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানান, মংলার খালের মুখের স্লুইসগেট দিয়ে প্রয়োজনীয় পানি ঢোকানো ও বের করা যায়। ফলে খালটি এলাকার কৃষক ও সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। বন্যার পরিমাণ কম হলে এই খাল দিয়ে বারানই নদী থেকে পানি সেখানে ঢোকানো যায়। শুকনো মৌসুমে এ পানি চাষাবাদের কাজে লাগে।গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ জানান, মংলার খালটি বর্তমানে অস্তিত্বসংকটে পড়েছে। এটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় পানি ধরে রাখা সম্ভব হয় না। এই একটি খালের প্রভাব অন্যান্য খালের ওপর পড়ছে। লাউপাড়া গ্রামের কৃষক আবদুল আজিজ জানান, মংলার খালটি একসময় তাঁদের জন্য আশীর্বাদ ছিল। বর্তমানে এটি তাঁদের তেমন কাজে আসছে না। বরং এটি এখন প্রভাবশালীদের নতুন আয়ের উৎস হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, মংলার খালের ওপর নির্ভর করে আশপাশের কমপক্ষে ৫০ গ্রামের মানুষ। সরেজমিনে দেখা যায়, খালের কয়েকটি স্থানে খেয়াজাল বসানো হয়েছে মাছ ধরার জন্য।বাগমারা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কামারুজ্জামান জানান, খালটি খনন করলে আবার শুকনো মৌসুমে পানি ধরে রাখা যাবে এখানে। সেচও দেওয়া যাবে। গণিপুর ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ জানান, খালটি খনন করা হলে অতিরিক্ত প্রায় ৯০০ একর জমি চাষাবাদের আওতায় আনা যাবে। পানিসংকটে জমিগুলো অনাবাদি থাকে বলে জানান তিনি।উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভবিষ্যতে প্রকল্প এলে এখানে খাল খনন করে মাছের চাষ করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ব্যাপারে প্রস্তাব পাঠাবেন বলে জানিয়েছেন।স্থানীয় সাংসদ এনামুল হক জানান, এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।