অস্ত্র আইনে লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই। কিন্তু সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে। ফলে নুরুন্নবী চৌধুরীকে অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ২১তম বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরী একজন অপরাধী। কারণ আইন অনুযায়ী একজনের নিবন্ধিত অস্ত্র অন্য কারও কাছে রাখা যায় না।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড মামলাটি তদন্তাধীন। এ মামলা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তদন্তকারী সংস্থা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ ধরনের মামলা অন্য খাতে প্রবাহিত করার কোনো ইচ্ছা সরকারের নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিচার হবে।এদিকে অপর একটি সূত্র জানায়, লাইসেন্স করা অস্ত্র নিজের সঙ্গে না রেখে গাড়িতে রেখে যাওয়া বিধিসম্মত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এ ক্ষেত্রে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে।আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম ছিলেন নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী। গত ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর গাড়িতে তাঁর পিস্তলের গুলিতে মারা যান ইব্রাহিম। ঘটনার পরপর সাংসদের গাড়িচালক কামাল হোসেন শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ইব্রাহিমের পরিবারের অভিযোগ, তাদের কিছু না জানিয়ে হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে সাংসদের নির্দেশে তাঁর গাড়িচালক এ অপমৃত্যু মামলা করেছেন। এরপর ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে নুরুন্নবীসহ আটজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।এর মধ্যে অপমৃত্যু মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। তাতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।