অস্ত্র আটকের সময় নিজেকে উলফা নেতা পরিচয় দেন মেজর লিয়াকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের সময় ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন। তখন তিনি পুলিশের কাছে নিজেকে উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দিয়েছিলেন।১০ ট্রাক অস্ত্র মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন গতকাল সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে এ তথ্য দেন। তিনি বলেন, ঘটনার পাঁচ বছর পর তিনি ২০০৯ সালের ২৪ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মহানগর হাকিম মাহবুবুর রহমানের উপস্থিতিতে উলফা নেতা আবুল হোসেন পরিচয় দেওয়া সেই মেজর লিয়াকতকে শনাক্ত করেন।সার্জেন্ট হেলাল গতকাল দ্বিতীয় দিন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে আংশিক জেরাও করেন। আজ মঙ্গলবার আবারও তাঁকে জেরা করা হবে।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট হেলাল উদ্দিন সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। অস্ত্র খালাসের সময় তিনি ও আরেক সার্জেন্ট আলাউদ্দিন প্রথম ঘটনাস্থলে পৌঁছান। পরে এ দুজনকে একটি অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয় তৎকালীন জোট সরকার। নোয়াখালীর সুধারাম থানার ওই অস্ত্র মামলায় ২০০৫ সালের ১৯ আগস্ট গ্রেপ্তার হন সার্জেন্ট হেলাল। পরে ওই মামলায় তিনি খালাস পান।গত রোববার আদালতে এ মামলায় প্রথম দফা সাক্ষ্যে সার্জেন্ট হেলাল ২০০৫ সালে গ্রেপ্তারের পর চট্টগ্রামে র‌্যাব-৭-এর কার্যালয়ে তাঁকে ব্যাপক মারধরের বর্ণনা দিয়েছিলেন।গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে সার্জেন্ট হেলাল বলেন, ‘২০০৪ সালের ১ এপ্রিল রাতে আমি পতেঙ্গা থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে বিশেষ মোবাইল ডিউটিতে ছিলাম। রাত ১২টা ১০ মিনিটের দিকে ডিসি-পোর্ট (উপকমিশনার, বন্দর) আবদুল্লাহ হেল বাকী বেতার যন্ত্রের মাধ্যমে আমাকে সিইউএফএল জেটিঘাটে যেতে বলেন; এবং সেখানে সার্জেন্ট আলাউদ্দিনকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন। তখন আমি টহলে নিয়োজিত হাবিলদার সিদ্দিকুর রহমানকে তাঁর টহল দল নিয়ে সিইউএফএল জেটিঘাটে যাওয়ার নির্দেশ দিই। আমি গাড়িতে করে রাত সাড়ে ১২টায় ১৫ নম্বর ঘাটে যাই। সেখান থেকে ছোট একটি ট্রলারযোগে সিইউএফএল জেটিঘাটে যাই। ওই সময় জেটিতে দুটি ট্রলার পাশাপাশি বাঁধা ছিল।’সার্জেন্ট হেলাল বলেন, ‘তখন আমি একটি ট্রলারে উঠে পড়ি এবং কেবিনে ১০-১২ জন ক্রুকে দেখতে পাই। আরও দেখি, জেটিতে থাকা ক্রেনের সাহায্যে অপর একটি ট্রলার থেকে কার্টনভর্তি মালামাল ট্রাকে ওঠানো হচ্ছে। এরপর আমি অন্য ট্রলারে উঠে শ্রমিকদের কাছে জানতে চাই, মালামালগুলো কার? শ্রমিকেরা জানান, জেটির ওপর চায়ের দোকানে মালের মালিক বসে আছেন।’ট্রলার থেকে নেমে চায়ের দোকানের দিকে যাওয়ার সময় সার্জেন্ট আলাউদ্দিন, হাবিলদার গোলাম রসুল ও বন্দর পুলিশ ফাঁড়ির কিছু সদস্যকে দেখতে পান সার্জেন্ট হেলাল। তিনি বলেন, ‘সার্জেন্ট আলাউদ্দিন আমাকে জানান, তিনি মালের মালিককে খুঁজে পাচ্ছেন না। এ সময় চায়ের দোকানের একটু দূরে একটি জটলা থেকে দুজন লোক এগিয়ে এসে সার্জেন্ট আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। এরপর আমিও এগিয়ে যাই। সার্জেন্ট আলাউদ্দিন আমাকে বলেন, ওই দুজনের একজন হাফিজুর রহমান ও অন্যজন নিজেকে উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দিয়েছেন। মালামালগুলো অস্ত্র ও গোলাবারুদ। সরকারের সব এজেন্সি নাকি এ ব্যাপারে অবগত আছে।’ এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিসি-বন্দরকে মুঠোফোনে অবহিত করেন উল্লেখ করে সার্জেন্ট হেলাল আদালতে বলেন, ‘ডিসি মহোদয় জেটি থেকে যাতে একটি ট্রাকও বের হতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। সার্জেন্ট আলাউদ্দিন ওসির সঙ্গে হাফিজ ও আবুল হোসেনকে পরিচয় করিয়ে দেন। এরই মধ্যে আমি পাঁচজনকে গ্রেপ্তার করে হাবিলদার গোলাম রসুলের নেতৃত্বে বন্দর পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দিই।’হেলাল বলেন, রাত আড়াইটার দিকে ডিসি (বন্দর) আবদুল্লাহ হেল বাকী বিপুলসংখ্যক পুলিশ নিয়ে জেটিঘাটে গেলে তাঁর সঙ্গে আবুল হোসেনের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘একটু দূরে দাঁড়িয়ে ডিসি মহোদয় আবুল হোসেনের সঙ্গে আলাপ করতে থাকেন। আমার মনে হচ্ছিল, আবুল হোসেন ডিসি মহোদয়কে মালগুলো ছেড়ে দিতে চাপাচাপি করছিলেন। তাঁর অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল, তিনি কোনো এজেন্সির লোক। আবুল হোসেনের সঙ্গে কথা শেষ করে ডিসি মহোদয় আমার কাছে আসেন। তিনি জিজ্ঞেস করেন, কোনো লোক আটক আছে কি না। আমি বলি, বন্দর পুলিশ ফাঁড়িতে পাঁচজন লোক আটক আছে।’ এরপর ঘটনাস্থলে কথিত আবুল হোসেনকে আর দেখা যায়নি বলে আদালতকে জানান সার্জেন্ট হেলাল।হেলাল বলেন, ‘পরে আমি জানতে পারি, যে পাঁচজন লোককে ধরে বন্দর পুলিশ ফাঁড়িতে পাঠিয়েছিলাম, তাঁদের ডিসি (বন্দর) মহোদয় পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে আলোচনাক্রমে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছেড়ে দেন।’সাক্ষ্যের শেষে মেজর (অব.) লিয়াকতের আইনজীবী অল্প কিছুক্ষণ সার্জেন্ট হেলালকে জেরা করেন। এ সময় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।সংশোধনী: গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘র‌্যাবের অধিনায়ক বললেন, ওকে ক্রসে দিয়ে দাও’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রথম দুই অনুচ্ছেদে সার্জেন্ট হেলাল উদ্দিনের স্থলে আলাউদ্দিনের নাম ছাপা হয়।