অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র আমদানিতে ভারত এখন সবার শীর্ষে। সুইডেনের নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে ভারত যত মূল্যের অস্ত্র আমদানি করেছে, অন্য কোনো দেশ তা করেনি। সিপ্রির হিসাব অনুযায়ী, ভারত এ সময়ে বিশ্বের ১০ শতাংশ অস্ত্র আমদানি করেছে। আর এ অস্ত্রের ৮০ শতাংশই এসেছে রাশিয়া থেকে। প্রতিবেদনে বলা হয়, ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে অস্ত্র আমদানিতে চীন ছিল শীর্ষে। আর ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই ভারত টপকে যায় চীনকে। গত পাঁচ বছরের তুলনায় ভারতের অস্ত্র আমদানি বেড়েছে ২১ শতাংশ। অস্ত্র আমদানি বৃদ্ধির এ আকস্মিক প্রবণতা সম্পর্কে সিপ্রির কর্মকর্তা সিমন ওয়েজম্যান বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতার কারণেই এমনটি হচ্ছে। তা ছাড়া নিরাপত্তার বিষয়টি তো আছেই।’উল্লেখ্য, ভারতে ৩০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে অস্ত্রের আমদানি অস্বাভাবিকভাবে বেড়ে চলছে।