চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে গতকাল অস্ত্র উদ্ধারের বিষয়টি তদন্ত করছে পুলিশ।পুলিশ জানায়, এফ রহমান হলের ৪৩৭ নম্বর কক্ষ থেকে গতকাল আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওই কক্ষটি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে এম ফিলের ছাত্র মতিনুর রহমানের নামে বরাদ্দ ছিল। তাঁর বাড়ি যশোরের চৌগাছায়। বিশ্ববিদ্যালয়ে এমফিল করার পাশাপাশি তিনি একটি কলেজে পড়াতেন। অস্ত্র উদ্ধারের সময় মতিনুর তাঁর কক্ষে ছিলেন না। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ আজ শুক্রবার জানান, এ ঘটনায় গত রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এফ রহমান হলের ৪৩৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৩৭টি গুলি উদ্ধার করে। ওই কক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিছু বইও পাওয়া গেছে।