অস্ত্র ও ফেনসিডিলসহ জ্যেষ্ঠ সহকারী জজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে থেকে আজ শনিবার সন্ধ্যায় অস্ত্র ও ফেনসিডিলসহ এক জ্যেষ্ঠ সহকারী জজকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানার পুলিশ। তার নাম জাবেদ ইমাম। তিনি ভোলায় জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে কর্মরত। পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইডেন মহিলা কলেজের সামনে থেকে একটি মাইক্রোবাস ও ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটিতে ৩৪২ বোতল ফেনসিডিল ছিল। তিনি মাইক্রোবাস চালিয়ে যশোর থেকে ঢাকায় আসেন। তাঁর কাছে গুলিসহ একটি পিস্তলও পাওয়া গেছে। তবে পিস্তলটি লাইসেন্স করা বলে থানায় সাংবাদিকদের কাছে দাবি করেছেন জাবেদ ইমাম। জাবেদ ইমাম বলেন, ‘টাকার পাওয়ার শর্তে যশোর থেকে মাইক্রোবাস চালিয়ে ঢাকায় এসেছি। সেখানকার সুমন নামের একজন ঢাকার লিংকন নামের আরেকজনের কাছে এগুলো পৌঁছে দিতে বলেছিল।’