অস্ত্র ও মাদক পাচার মামলায় বেন আলীর ১৫ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার একটি আদালত গতকাল সোমবার অস্ত্র ও মাদক পাচার মামলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৭২ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে, এক দিনের শুনানি শেষে বেন আলীর অনুপস্থিতিতে গতকাল আদালত এ রায় দেন। বেন আলীর আইনজীবী এ বিচার প্রত্যাখ্যান করে একে লজ্জাজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। গত মাসে তিউনিসিয়ার আদালত তহবিল তছরুপ ও অপব্যবহার মামলায় বেন আলী ও তাঁর স্ত্রীকে ৩৫ বছরের কারাদণ্ড দেন। গত জানুয়ারি মাসে গণঅভ্যুত্থানের মুখে বেন আলী ও তাঁর স্ত্রী সৌদি আরবে পালিয়ে যান। তিউনিসিয়ার কর্তৃপক্ষ বেন আলী ও তাঁর স্ত্রীকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও, সৌদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। রয়টার্স।