অস্ত্র কেড়ে পেটানোর ঘটনায় এসআইকে প্রত্যাহার
রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগে মহানগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে আজ শুক্রবার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।গত ৬ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটান। পরে কেড়ে নেওয়া অস্ত্র তাঁরা ভেঙে ফেলে চলে যান।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার সময় এসআই শহীদুল শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করেননি। তিনি অপর সহকর্মীদের সঙ্গে না থেকে আলাদা ছিলেন। সবাই একসঙ্গে থাকলে সংঘবদ্ধভাবে পরিস্থিতি সামাল দেওয়া যেত। তাই হামলায় কনস্টেবল মোশাররফের অস্ত্র কেড়ে নেওয়া হলেও এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শহীদুলকে প্রত্যাহার করা হলো।এ ব্যাপারে মুঠোফোনে শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলতে বলেন। প্রত্যাহারের আদেশ পেয়েছেন কি না, জানতে চাইলে একপর্যায়ে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।