অস্ত্র-গুলিসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ শুকলাল হোসেন (৪৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, শুকলাল চরমপন্থী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। শুকলালের বাড়ি উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে।মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে গাংনীর আমতৈল গ্রামে অভিযান চালায় র্যাবের খুলনা তালতলা অঞ্চলের একটি দল। সেখান থেকে শুকলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি রিভলবার, একটি ম্যাগাজিনসহ পাঁচটি গুলি উদ্ধার করা হয়।কামরুল হাসানের দাবি, শুকলাল চরমপন্থী জনযুদ্ধ দলের আঞ্চলিক নেতা। তিনি এলাকায় একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকতেন ও অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রথম আলো ডটকমকে জানান, শুকলালের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী মামলা রয়েছে। র্যাব অস্ত্র-গুলিসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।