অস্ত্র চায় লিবিয়ার অন্তর্বর্তী সরকার
লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মোস্তফা আবদেল জলিল বলেছেন, কর্নেল গাদ্দাফি প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছেন। গাদ্দাফিবিরোধী যুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন।মোস্তফা আবদেল জলিল বিবিসিকে বলেছেন, ক্ষমতাচ্যুত নেতা বর্তমানে লিবিয়ার দক্ষিণে অবস্থান করছেন এবং প্রতিশোধমূলক হামলা চালানোর পরিকল্পনা করছেন।মোস্তফা আবদেল জলিল জানান, গাদ্দাফি-অনুগতরা লিবিয়ার এখনো চারটি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। এগুলো হলো—সিরতি, বানি ওয়ালিদ, জুফরা ও সাবহা। জলিল জানান, সাবহায় গাদ্দাফি অনুগতদের বিরুদ্ধে তাদের তুমুল যুদ্ধ করতে হবে। কিন্তু এ যুদ্ধের জন্য যেসব অস্ত্রশস্ত্র দরকার, তা তাদের কাছে নেই। ওই স্থানগুলো পুনর্দখল করার জন্য বিদ্রোহীদের আরও অস্ত্র দরকার বলে দাবি করেন জলিল। এদিকে আজ বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ত্রিপোলি সফরের কথা রয়েছে। জলিল জানান, আজ যেসব বিশ্বনেতা ত্রিপোলিতে আসবেন, তাঁরা নিরাপদ থাকবেন। তবে তিনি সুস্পষ্টভাবে বলেননি কোন কোন বিশ্ব নেতা ত্রিপোলি সফরে আসছেন।মোস্তফা আবদেল জলিল অভিযোগ করেন, মুয়াম্মার গাদ্দাফি দেশটির সব স্বর্ণ পাচার করে দিয়েছেন।