অস্ত্র ছেড়ে আলোচনায় বসতে সিরিয়াকে আহ্বান
সিরিয়াকে অস্ত্র ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর নেতারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দমনে ট্যাংক এবং সেনাসদস্য পাঠানোর পর আজ মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী সিরিয়ার প্রতি এ আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।সিরিয়া ও অন্যান্য ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, ‘আমরা মনে করি, অস্ত্রের ব্যবহার বন্ধের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষের অবসান হবে এবং আলোচনার পথ খুলে যাবে।’রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনকে সমর্থন দানকারী দেশগুলোর প্রশংসা করেন শেখ হামাদ। একই সঙ্গে ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির আবেদন করলে তখন তাদের সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী।