বাংলাদেশে সবচেয়ে বেশি অবৈধ ক্ষুদ্র অস্ত্র আসে যশোর সীমান্ত দিয়ে। সীমান্তে খুব একটা ধরা না পড়লেও যশোর শহর ও আশপাশ থেকে প্রায়ই অবৈধ অস্ত্র উদ্ধারের খবর জানা যায়।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বীকার করেন, চোরাচালান হয়ে আসা অস্ত্রের তুলনায় আটক হওয়া অস্ত্রের পরিমাণ অনেক কম। চোরাচালানে আসা অবৈধ অস্ত্রের খুব কমই যশোরে থাকে। তার পরও যে পরিমাণ অস্ত্র থেকে যায়, তা-ই যশোরকে অশান্ত করে রাখে। অবৈধ অস্ত্রধারীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালায়, করে গুপ্ত খুন।সীমান্তে অন্য অনেক চোরাচালান পণ্য আটক হলেও অস্ত্র খুব একটা ধরা পড়ে না বলে স্বীকার করলেন ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান। তিনি বলেন, অস্ত্র চোরাচালানকারীরা সাধারণত একসঙ্গে একটা-দুইটার বেশি অস্ত্র বহন করে না। ফলে সীমান্তের যেকোনো দিক দিয়েই আসা-যাওয়ার সুবিধাটা ব্যবহার করতে পারে তারা।বিজিবি সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কোটি টাকার চোরাচালানসামগ্রী আটক করা হলেও অস্ত্র বলতে মাত্র চারটি এয়ারগান ধরা পড়েছে। অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত যশোর জেলায় র্যাব ৪২টি এবং পুলিশ ৩৩টি অস্ত্র উদ্ধার করেছে। এসব অস্ত্রের মধ্যে নাইন এমএম পিস্তল, সিক্স পয়েন্ট ফাইভ এমএম পিস্তল, রিভলবার (পয়েন্ট ৩৮ ও পয়েন্ট ৩২ বোর), শ্যুটারগান, পাইপগান ও এয়ারগান রয়েছে।র্যাবের যশোর ক্যাম্পের উপপরিচালক মেজর এ বি এম জাহিদুল করিম বলেন, অবৈধ অস্ত্রসহ যারা ধরা পড়ে, তারাও আইনের ফাঁক গলে বের হয়ে যায়। ২০১১ সালের ১১ জানুয়ারি যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দিনের গাড়িবহরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তল, শাটারগান, চারটি গুলিসহ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ পাঁচজনকে আটক করেছিলেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সেই সময়কার উপপরিচালক তারিক আজিজ। পরে জামিনে ছাড়া পেয়ে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন সোহরাব।ওই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে সাংসদ আফিল বলেন, ‘র্যাব যখন সোহরাবসহ যুবলীগের কর্মীদের আটক করে, তখন তাঁরা আমার সঙ্গে ছিলেন না। এটি খবরের কাগজের অতিরঞ্জন।’ তবে সোহরাবের কাছ থেকে আদৌ অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন আফিল। সোহরাব হোসেনও তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে একটি ‘সাজানো নাটক’ বলে দাবি করেন। বলেন, আদালত নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন। তাই জামিন দেওয়া হয়েছে।অস্ত্র আসে যে পথে: যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলার ২৪০ কিলোমিটারজুড়ে বিস্তৃত ভারতীয় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান পণ্য বাংলাদেশে ঢুকছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ের গবেষক শরীফ এ কাফী প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধারের প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে ধারণা করা যায়, পার্বত্য চট্টগ্রামের পর ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি অবৈধ অস্ত্র আসে যশোর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। ভারত থেকে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্র প্রদেশে নির্মিত অনেক অস্ত্র আসছে। এগুলোর মধ্যে বিহারের মুঙ্গেরে তৈরি ‘কাট্টা রাইফেল’, বেলঘরিয়ার ‘বেলঘরিয়া পিস্তল’, খিদিরপুরের ‘ছক্কা পিস্তল’ ও মুর্শিদাবাদের ‘ময়ূর পিস্তল’ রয়েছে। তবে ইদানীং নাইন এমএম পিস্তল ও সিক্স পয়েন্ট ফাইভ এমএম পিস্তল, রিভলবার (পয়েন্ট ৩৮ ও পয়েন্ট ৩২ বোর) ধরনের আধুনিক সব অস্ত্র ব্যবহূত হচ্ছে। আকারে ছোট হওয়ায় চোরাই পথে এসব অস্ত্র আনা সহজ হয় এবং সহজে লুকিয়ে রাখা যায় বলে ব্যবহারকারীরাও এসব অস্ত্র বেশি পছন্দ করে।অস্ত্র বেচাকেনা হয় যেভাবে: যশোরে অস্ত্রের বাজার আছে—এ কথাটা এখানে বেশ আলোচিত। তবে এই বাজারে কীভাবে কেনাবেচা হয়, তা জানা নেই বেশির ভাগ মানুষের।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত দালালেরা ক্রেতা ও বিক্রেতার যোগাযোগ ঘটিয়ে দেয়। বিক্রেতারা মাল দেওয়ার আগেই টাকা আদায় করে নেয়। হয়তো তারা যশোর শহরের কোনো এলাকায় টাকাটা নেবে। টাকা নেওয়ার পর শহরের বাইরের কোনো এলাকা থেকে অস্ত্রটি সংগ্রহ করতে বলবে, সেটা হতে পারে শার্শা বা ঝিকরগাছা বা চৌগাছার কোনো এলাকা। আজকাল অবশ্য হাতে হাতে টাকা নেওয়ার বদলে বিকাশের মাধ্যমেও টাকা নিচ্ছে। ক্রেতা নির্ধারিত দিনে নির্ধারিত এলাকায় গিয়ে অপেক্ষা করতে শুরু করলে হঠাৎ একটা ফোন পেতে পারে। ফোনে তাঁকে হয়তো আরও ১০০ গজ সামনে গিয়ে বটগাছতলায় দাঁড়াতে বলা হবে। বটতলায় দাঁড়ালে আবার ফোন আসবে এবং এবার ক্রেতাকে বলা হবে, ডানে তাকিয়ে রাস্তার পাশের কচুগাছগুলো দেখেন। ভালো করে দেখেন, একটা কচুর পাতা ভাঙা আছে, পাতার নিচে হাত দিন।র্যাবের যশোর ক্যাম্পের উপপরিচালক মেজর জাহিদ বলেন, র্যাব প্রায়ই ক্রেতাকে অনুসরণ করে অস্ত্র বিক্রেতাদের ধরার চেষ্টা করে। আর তাই ক্রেতার হাতে অস্ত্র তুলে দেওয়ার সময় বিক্রেতারা এমন অভিনব অনেক কৌশল গ্রহণ করছে।যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ক্রেতার কাছে অস্ত্র পৌঁছে দিতে আসে যারা, তারা ধরা পড়লেও অস্ত্র ব্যবসায়ীদের হদিস জানা যায় না। তিনি ২০১১ সালের অক্টোবর মাসের একদিন বেনাপোল থেকে আসা একটি বাসে রুটিন চেক করতে গিয়ে একটি নাইন এমএম পিস্তল, চারটি গুলিসহ এক নারীকে আটক করার বিবরণ দিয়ে বলেন, পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেল, ওই নারী পিস্তলটির বাহকমাত্র। ক্রেতা-বিক্রেতা কেউ তাঁর পরিচিত নয়।রাজনৈতিক প্রশ্রয়: সচেতন নাগরিক কমিটির (সনাক) যশোর জেলা শাখার সভাপতি আবু সালেহ বলেন, দেশের অন্য সব জেলা শহরের তুলনায় যশোরের সন্ত্রাসীরা অনেক বেশি সশস্ত্র। প্রায়ই এখানে অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। সারা দেশের মতো যশোরেও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে। রাজনীতিবিদেরা নিজেদের আধিপত্য ধরে রাখতে এ কাজ করেন। অস্ত্রধারীরাও ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা চালানোর কাজে রাজনীতিবিদদের ব্যবহার করে।যশোর শহরে সর্বশেষ অস্ত্রের সবচেয়ে বড় মহড়াটি ঘটেছে ৯ এপ্রিল জামায়াতে ইসলামীর তিন দিনের হরতালের দ্বিতীয় দিনে। প্র্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ অফিসের সামনে পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হলে আওয়ামী লীগের পক্ষে প্রচার করা হয় যে হরতালকারীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে। এর পরই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ১০-১৫ জন যুবক রাস্তায় নেমে পড়ে এবং ফাঁকা গুলি করে চারদিকে ঘুরতে থাকে। ওই অস্ত্রধারীদের প্রত্যেকের মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। অবশ্য এ ঘটনার পর ছাত্রলীগের পক্ষে বলা হয়েছিল, অস্ত্রধারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।বিরোধী দল বিএনপিতেও অস্ত্রধারী আছে। গত বছরের ২৭ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেন শঙ্করপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবির হোসেন ওরফে কালা কবির।খুনোখুনিতে অস্ত্র: গত ১২ মার্চ নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে খুন হন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) এ জেড এম ফিরোজের একমাত্র সন্তান শাহরিয়ার অর্ণব (৩০)। এর কয়েক দিন পর ২৮ এপ্রিল পুলিশ লাইনের টালিখোলা এলাকায় মায়ের সামনে গুলি করে হত্যা করা হয় যুবলীগের কর্মী সরোয়ার হোসেন ওরফে টুলুকে (২৭)। এ হত্যাকাণ্ড দুটির মামলার এজাহার, অভিযোগপত্র ও আসামিদের জবানবন্দির কাগজপত্র ঘেঁটে জানা গেছে, অর্ণব খুন হয়েছেন ব্যবসায়িক বিরোধের জের ধরে আর সরোয়ারের খুনের পেছনে রয়েছে চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে মতদ্বৈধতা। দুটি ক্ষেত্রেই হত্যাকারীরা রিভলবার ব্যবহার করেছে। অর্ণবের হত্যাকারী হিসেবে অভিযুক্ত রাকিব হোসেন ও মেহেদী হাসান ওরফে ভাইপো রাজু আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, তাঁরা অস্ত্রটি পেয়েছেন কাজী তারেকের কাছ থেকে।অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী ও অস্ত্র উদ্ধার: যশোর শহরের শঙ্করপুর এলাকার কাজী তারেক ও তাঁর বড় ভাই রইসুলের নামে হেরোইন ও জাল টাকার ব্যবসা করার অনেক অভিযোগ রয়েছে। তারেক মাদকসহ পুলিশের হাতে অনেকবার ধরা পড়লেও অস্ত্রসহ কখনো ধরা পড়েননি। অর্ণব হত্যাকাণ্ডের পর প্রথম পুলিশ জানতে পায়, তারেক অস্ত্র কেনাবেচা করেন। তাঁর কাছ থেকে অস্ত্র ভাড়াও পাওয়া যায়। তারেক এখন পলাতক বলে পুলিশ জানিয়েছে।বছর চারেক আগে যশোরে চোরাচালানের শীর্ষে ছিল আহসান হাবীব ওরফে হাসানের নাম। হাসানের সঙ্গে তখন তাঁর ভাই মিজানের নাম যুক্ত হয়ে তাঁদের সিন্ডিকেটের নাম হয়েছিল হাসান-মিজান সিন্ডিকেট। দুই ভাইয়ের এই সিন্ডিকেট ‘শঙ্করপুর সিন্ডিকেট’ নামেও পরিচিত। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন হাসান ও মিজান। হাসান-মিজান নিহত হওয়ার পর তাঁদের দেশব্যাপী নেটওয়ার্ক ভেঙে গেছে। বর্তমানে যশোরে হাসান-মিজানের ছোট ভাই মশিউল ও ভাইয়ের ছেলে শিশির সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শঙ্করপুরের হবি চৌধুরী, কবীর চৌধুরী ওরফে কানা কবীর, নাজির শঙ্করপুরের মিজানুর রহমান ওরফে ট্যারা মিজু, মোড়লীর লাইফ, বিরামপুরের নান্নু, আরএন রোডের আশরাফুল, মনিরুল, শেখহাটির মিল্টন, মোল্লাপাড়ার আরিফ ও ভাতুরিয়ার লিটু ছোট-বড় কয়েকটি সিন্ডিকেটে ভাগ হয়ে অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা প্রত্যেকে কোনো না কোনো সময়ে অস্ত্রসহ ধরা পড়েছেন।হাসান-মিজান নিহত হওয়ার পর যশোরের চোরাচালান সিন্ডিকেটের শীর্ষে চলে এসেছেন হত্যাসহ বহু মামলার পলাতক আসামি আনিছুর রহমান ওরফে ফিঙ্গে লিটন। থাকেন কলকাতায়। তাঁর পক্ষে যশোরে তাঁর ভাই রিপন, ভগ্নিপতি নান্নু ও ডিম রিপন ব্যবসা চালান। বিগত বিএনপি সরকারের আমলে ফিঙ্গে লিটন যুবদল করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সময় তাঁকে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করতে দেখা গেছে।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ফিঙ্গে লিটনের সঙ্গে তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।আগামীকাল পড়ুন: চোরাচালানের ঘাট